সরকারের নির্বাচনি অঙ্গীকারের অংশ হিসেবে প্রথম ধাপে নওগাঁর আত্রাই উপজেলার মনিয়ারী ইউনিয়নের ১ হাজার ৭৮৫ জন কৃষক পাচ্ছেন কৃষক কার্ড। আগামী ১ অক্টোবর এ কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হবে বলে জানা গেছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর উপপরিচালক কৃষিবিদ মো. মনজুর রহমান বলেন, আগামী ১ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী থেকে সরাসরি যুক্ত হয়ে দেশব্যাপী কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন।
ওই দিন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারিবাড়ি, নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে আয়োজিত অনুষ্ঠানে মনিয়ারী ইউনিয়নের পতিসর ব্লকের ১ হাজার ৭৮৫ জন কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণ করা হবে।
কৃষি বিভাগ জানায়, পতিসর ব্লকের শতভাগ কৃষককে এ কার্ডের আওতায় আনা হয়েছে। ইতোমধ্যে ১ হাজার ৭৮৫ জন কৃষকের নামে বিভিন্ন ব্যাংকে হিসাবও খোলা হয়েছে।
এসব ব্যাংক হিসাবের মাধ্যমে কৃষকরা সরকারের দেওয়া সহায়তার অর্থ পাবেন।
একই দিন দেশের ৫৫টি জেলার ৭৭টি উপজেলায় একযোগে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হবে বলে জানা গেছে। নওগাঁর আত্রাই উপজেলার ৫৩ হাজার ২০৫ জন কৃষককে পর্যায়ক্রমে এ সুবিধার আওতায় আনা হবে বলেও জানিয়েছে কৃষি বিভাগ।
আব্দুল মজিদ মল্লিক আত্রাই (নওগাঁ) প্রতিনিধি 


















