ডেঙ্গুর প্রকোপ থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়ন। মশার বংশবিস্তার রোধে ইউনিয়নের বিভিন্ন বাজার, বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠানসহ ওয়ার্ডে ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে মানুষকে সচেতন করা হচ্ছে।
বোয়ালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন খান জানান, শুধু প্রশাসন বা জনপ্রতিনিধিদের উদ্যোগে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, প্রত্যেক পরিবারকে নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। বোয়ালী ইউনিয়নের মানুষকে সচেতনতা তৈরির মাধ্যমে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও ডেঙ্গুমুক্ত ইউনিয়ন গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, বৃষ্টিতে জমে থাকা পানি এডিস মশার প্রজননের অন্যতম প্রধান কারণ। বাড়ির আশপাশ, ছাদ, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসাসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার আহ্বান জানান তিনি।
বোয়ালী ইউনিয়নের বোয়ালী বাজার, রঘুনাথপুর বাজার, নলূয়া বাজার, গোলয়া, কোন্দাঘাটা, পিপড়াসিটসহ বিভিন্ন এলাকার মানুষের মধ্যে সচেতনতা তৈরির এ উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয়রা। ডেঙ্গু সচেতনতামূলক কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
ডেঙ্গু শুধু একটি পরিবারের সমস্যা নয়, এটি একটি সামাজিক সমস্যা।
স্থানীয়দের প্রত্যাশা, সচেতনতামূলক প্রচারণার পাশাপাশি নিয়মিত মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে। এতে বর্ষা মৌসুমে ডেঙ্গুর ঝুঁকি কমার পাশাপাশি ইউনিয়নের সার্বিক পরিবেশ আরও পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর হয়ে উঠবে।
নিজের বাড়ি পরিষ্কার রাখুন, আশপাশ পরিষ্কার রাখুন-ডেঙ্গু প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে।
অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার 


















