ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ শাখার দায়িত্বে থাকা উপ-কমিশনার (ডিসি) মো. আমিনুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, শুল্ক ফাঁকি, চোরাচালান সিন্ডিকেট পরিচালনা এবং ঘুষের কোটি কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ উঠেছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের পণ্য খালাস, ভুয়া বন্ড সুবিধা দেওয়া, বিএসটিআইয়ের ছাড়পত্র ছাড়া পণ্য খালাস এবং ঘুষের টাকা মার্কিন ডলারে রূপান্তর করে বিদেশে পাচারের মতো একাধিক অভিযোগ সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় ও দুর্নীতি দমন কমিশনে (দুদক) দাখিল করা লিখিত অভিযোগে উঠে এসেছে।
অভিযোগপত্রে বলা হয়েছে, ৩১তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা মো. আমিনুল ইসলাম কাস্টমস বিভাগে সহকারী কমিশনার হিসেবে যোগদানের পর চট্টগ্রাম কাস্টম হাউস ও ঢাকা উত্তর ভ্যাটে কর্মরত ছিলেন। এসব জায়গায় দায়িত্ব পালনের সময়ও তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে বলে দাবি করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, আমিনুল ইসলাম নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকার বাসিন্দা। তার আয়কর নথি যাচাই করে আয়বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া যেতে পারে বলেও অভিযোগকারীরা দাবি করেছেন।
অভিযোগপত্রে আরও দাবি করা হয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে নিজের প্রভাব বজায় রাখতে আমিনুল ইসলাম নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের নাম ব্যবহার করতেন। এছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য (কাস্টমস ও ভ্যাট প্রশাসন) মোয়াজ্জেম হোসেনের ছত্রছায়ায় তিনি নিজস্ব প্রভাববলয় গড়ে তোলেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, বিভিন্ন স্টেশন থেকে কাস্টমস কর্মকর্তাদের মাধ্যমে নিয়মিত মোটা অঙ্কের অর্থ আদায় করে তা মার্কিন ডলারে রূপান্তর এবং বিদেশে পাচারের ক্ষেত্রেও আমিনুল ইসলাম ভূমিকা রাখতেন।
৩০ কোটি টাকার পণ্য গায়েবের অভিযোগ
সম্প্রতি আমিনুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা ঘটেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে। অভিযোগ অনুযায়ী, এয়ারওয়ে বিল নম্বর ৭৮৪-৬৯২৫৩৩৬৫-এর বিপরীতে কোনো বিল অব এন্ট্রি দাখিল বা কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই প্রায় ৩০ কোটি টাকা মূল্যের পণ্য বিমানবন্দর থেকে বের করে দেওয়া হয়।
অভিযোগে বলা হয়েছে, ৫৬টি কার্টনে থাকা প্রায় ১ হাজার ৯৬২ কেজি ওজনের ওই চালানে উচ্চমূল্য ও উচ্চ শুল্কের মোবাইল ফোন, মোবাইল ফোনের সিকেডি/এসকেডি, এলসিডি, আমদানি নিষিদ্ধ ইলেকট্রিক সিগারেট এবং সরকারি রাজস্ব স্ট্যাম্প বা সিগারেট ব্যান্ডেরোল ছিল।
অভিযোগকারীদের দাবি, বিমানবন্দরের কঠোর নিরাপত্তাবেষ্টনী অতিক্রম করে কাস্টমস ও কার্গোর সংরক্ষিত এলাকা থেকে কোনো নথিপত্র ছাড়াই এসব পণ্য বাইরে বের করে নেওয়ার ঘটনায় আমিনুল ইসলামের সরাসরি ভূমিকা ছিল।
অনুসন্ধানে পাওয়া তথ্যের বরাত দিয়ে অভিযোগে আরও দাবি করা হয়েছে, ঢাকা কাস্টমস এজেন্ট এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি এবং ‘গুনগুন এন্টারপ্রাইজ’ নামের সিএন্ডএফ এজেন্ট প্রতিষ্ঠানের কাস্টমস সরকার মো. আবু হানিফকে সঙ্গে নিয়ে আমিনুল ইসলাম একটি চোরাচালান সিন্ডিকেট পরিচালনা করছেন। অভিযোগ অনুযায়ী, আবু হানিফ নিয়মিত আমিনুলের কক্ষে বসে অবৈধ পণ্য খালাসের বিষয়ে সমন্বয় করতেন।
৩০ কোটি টাকার পণ্য গায়েবের ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের বাণিজ্যিক শাখার সহকারী ব্যবস্থাপক মো. মঈন উদ্দিনকে গত ৭ সেপ্টেম্বর ‘স্ট্যান্ড রিলিজ’ করে এবং সংশ্লিষ্ট অন্য কর্মীদের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এরপর বিমানের কার্গো হেলপার খোরশেদ আলম ও আজম লিখিত জবানবন্দিতে গুনগুন এন্টারপ্রাইজ ও সংশ্লিষ্টদের অবৈধ লেনদেনের তথ্য তুলে ধরেছেন বলে দাবি করা হয়েছে। তবে পরবর্তী সময়ে এক প্রেস রিলিজে মঈন উদ্দিন দাবি করেন, ভয়ভীতি ও চাপ প্রয়োগ করে তার বিরুদ্ধে ওই বক্তব্য নেওয়া হয়েছে।
সপ্তাহে ৮০ লাখ টাকা ঘুষের অভিযোগ
অভিযোগে আরও বলা হয়েছে, শিশু খাদ্য ও প্রসাধনী সামগ্রী আমদানির ক্ষেত্রে বিএসটিআইয়ের ছাড়পত্র ছাড়াই পণ্য খালাসে আমিনুল ইসলাম অবৈধভাবে হস্তক্ষেপ করতেন। এভাবে তিনি প্রতি সপ্তাহে প্রায় ৮০ লাখ টাকা ঘুষ নিতেন বলেও অভিযোগ করা হয়েছে।
একই সঙ্গে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিতে তার নিকটাত্মীয়ের প্রতিষ্ঠান ‘ক্লোজেট ক্লাউড’-এর মাধ্যমে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানির সুযোগ করে দেওয়ার অভিযোগও রয়েছে।
কাস্টমসের নীরবতা নিয়ে প্রশ্ন
বিমানের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হলেও আমিনুল ইসলামের বিষয়ে কাস্টমস কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগকারীদের দাবি, তার বিরুদ্ধে কোনো দৃশ্যমান প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি। পাশাপাশি অভিযুক্ত সিএন্ডএফ প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল কিংবা কোনো ফৌজদারি মামলা দায়েরের উদ্যোগও নেওয়া হয়নি।
এ ছাড়া আমিনুল ইসলামের বিরুদ্ধে মাদকাসক্তির অভিযোগও আনা হয়েছে। প্রশাসনিক সূত্রের বরাত দিয়ে অভিযোগে দাবি করা হয়েছে, তাকে ডোপ টেস্টের আওতায় আনার দাবি উঠলেও ঢাকা কাস্টম হাউসের কমিশনার রইচ উদ্দিন এ বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ নেননি।
বক্তব্য পাওয়া যায়নি
এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ডিসি মো. আমিনুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। খুদে বার্তা পাঠিয়েও কোনো জবাব পাওয়া যায়নি।
এ ছাড়া হোয়াটসঅ্যাপে লিখিতভাবে কয়েকটি প্রশ্ন পাঠানো হলেও তিনি সেগুলোর উত্তর দেননি বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। বরং বিভিন্ন মাধ্যমে সম্পাদক ও প্রতিবেদককে প্রতিবেদনটি প্রকাশ না করার অনুরোধ করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
এদিকে, আমিনুল ইসলামের বিরুদ্ধে তদন্ত ও প্রতিকার চেয়ে পল্লবীর বাসিন্দা মো. টিটু রহমান এবং উত্তরার বাসিন্দা আরশাদ আলী পৃথকভাবে প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থ মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন (দুদক), এনবিআর চেয়ারম্যান, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, এনএসআই ও ডিজিএফআইসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে।
অভিযোগকারীরা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক 

























