বরিশালের উজিরপুর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপ-সহকারী প্রকৌশলী সুব্রত রায়কে ঘিরে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এখন চরমে। একের পর এক বিতর্ক, জনঅসন্তোষ ও স্থানীয়দের প্রতি ক্ষোভের সৃষ্টি হলেও নিজের পদে অটল রয়েছেন তিনি। সবশেষ পৈতৃক জমি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের নির্দেশ দেওয়ার মতো গুরুতর অভিযোগে তার বিরুদ্ধে প্রধান প্রকৌশলী ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় ভুক্তভোগী মো. মাসুম হাওলাদার।
উজিরপুরে যোগদানের পর থেকেই বিভিন্ন উন্নয়ন প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার, তদারকিতে গাফিলতি এবং ঠিকাদারদের কাছ থেকে অনৈতিকভাবে কমিশন আদায়ের অভিযোগে বারবার শিরোনামে এসেছেন এই কর্মকর্তা। ৭৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত ‘হারতা নয়াকান্দি ফুটব্রিজ–দক্ষিণ সাতলা সড়ক’ হস্তান্তরের মাত্র দুই মাসের মাথায় ধসে পড়লে তার নজরদারি নিয়ে তীব্র প্রশ্ন ওঠে। শুধু তাই নয়, বেহাল ‘সানুহার–ধামুরা সড়ক’ দ্রুত সংস্কারের দাবিতে আন্দোলনে নামা শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শন এবং পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ভারপ্রাপ্ত কাউন্সিলর হিসেবে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের “প্রয়োজনে লাশ পড়বে, চেয়ার ছাড়ব না” বলে প্রকাশ্য হুমকির অভিযোগ দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছিল।
সর্বশেষ ধামুড়া–শোলক সড়কের শাখা নদীর ওপর বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় পৌনে সাত কোটি টাকা খরচে নির্মিত একটি সেতুর সংযোগ সড়ক নিয়ে নতুন করে সংকটের সৃষ্টি হয়েছে। দেড় বছর আগে সেতুর নির্মাণকাজ শেষ হলেও সংযোগ সড়কের অভাবে এটি অকার্যকর হয়ে পড়ে আছে; বাধ্য হয়ে স্থানীদের মই দিয়ে সেতুতে উঠতে হচ্ছে। অভিযোগ রয়েছে, সংযোগ সড়কের অজুহাতে স্থানীয় বেশ কয়েকটি পরিবারকে তাদের ভিটেমাটি ও পৈতৃক কবরস্থান সরিয়ে নিতে বাধ্য করা হচ্ছে এবং প্রতিবাদ করলে মামলার ভয় দেখানো হচ্ছে।
এতসব অভিযোগ, জনভোগান্তি ও বিতর্কের পর দৃশ্যমান কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ায় প্রশাসনিক আশ্রয়-প্রশ্রয় নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের ধারণা, প্রশাসনের উচ্চপর্যায়ের একজন প্রভাবশালী কর্মকর্তা প্রতিনিয়ত তাকে ছত্রছায়া দিয়ে যাচ্ছেন।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর স্পষ্ট দাবি—উঠে আসা অভিযোগগুলোর দ্রুত নিরপেক্ষ তদন্ত করে সুব্রত রায়কে অবিলম্বে উজিরপুর থেকে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় এই অনিয়মের চিত্র তুলে ধরে বিচার চেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। তবে সব জল্পনা-কল্পনার মধ্যে স্থানীয়দের মুখে এখন একটাই প্রশ্ন? অগণিত অভিযোগ সত্ত্বেও কার শক্ত খুঁটির জোরে এখনো বহাল তবিয়তে রয়েছেন উজিরপুরের এই প্রকৌশলী?
সংবাদ শিরোনাম ::
একের পর এক অনিয়মের অভিযোগ, তবুও বহাল তবিয়তে উজিরপুরের প্রকৌশলী সুব্রত রায়
-
নিজস্ব প্রতিবেদক - আপডেট সময় ১১:৪৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- ৫১১ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ
























