নাটোরের বড়াইগ্রাম জোনাইল সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়ে আনন্দ ঘন ও উৎসবমুখর পরিবেশে ‘বিজ্ঞান মেলা, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। “এসো মেধা, সৃষ্টি ও পরিবেশের যত্ন নেই”—এই মূলসুরকে সামনে রেখে বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাদার উত্তম রোজারিও সার্বিক তত্ত্বাবধানে, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাদার বাবলু কুড়াইয়া।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র প্রার্থনা ও জাতীয় সংগীতের মাধ্যমে মূল পর্বের সূচনা হয়। এরপর বিজ্ঞান মেলা, সাহিত্য এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা—এই তিনটি প্রধান ক্যাটাগরিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। বিশেষ করে কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, সৃজনশীল বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শন এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শক ও অতিথিদের মুগ্ধ করে। শিক্ষার্থীরা তাদের মেধা, মনন ও সৃজনশীলতার চমৎকার স্বাক্ষর রাখে।
অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিপি রোজারিও ও জেমস কডি কস্তা সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। তারা অত্যন্ত নিপুণতার সাথে প্রতিযোগিতাদের বিভিন্ন পারফরম্যান্স মূল্যায়ন করেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, পড়াশোনার পাশাপাশি এ ধরনের সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক বিকাশ, সুপ্ত প্রতিভার বিকাশ এবং বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি পরিবেশ সুরক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে দিনব্যাপী এই আয়োজন এক মিলনমেলায় পরিণত হয়।
এস এম আয়নুল হক-রাজশাহী ব্যুরো 





















