বাঞ্ছারামপুরের ফরদাবাদে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করা, শিক্ষার্থীদের নিজ রক্তের গ্রুপ সম্পর্কে জানানো, এবং তরুণ প্রজন্মের মধ্যে মানবিক মূল্যবোধ সৃষ্টি করার লক্ষ্যে ড. রওশন আলম কলেজে শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
ড. রওন আলম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে রেজাউল করীম মাস্টারের সঞ্চালনা ড. রওন আলম কলেজ ও মাদরাসা আকবার আল উলুম আলিম মাদরাসার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৫০ জন শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং তাৎক্ষণিকভাবে তাদের রক্তের গ্রুপ জানিয়ে দেওয়া হয়।
পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে সচেতনতামূলক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।
এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের পক্ষ থেকে কলেজ প্রাঙ্গণে রোপণের জন্য বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী অধ্যাপক মোঃ মহসিন মোল্লা, সিনিয়র শিক্ষক (আইসিটি) মোঃ গুলজার হোসেন মুন্সী, শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা মোঃ মাসুদ রানা, নির্বাহী পরিচালক ডাঃ আরিফুল ইসলাম পারভেজ,
উপ-নির্বাহী পরিচালক মোঃ শাফায়েত হোসেন, সুজন মুন্সী, হাবিবুর রহমান, উজ্জ্বল মিয়া ও পরিচালক আবদুর রহীম।
বক্তারা বলেন, জরুরি মুহূর্তে রক্তের প্রয়োজন হলে নিজের রক্তের গ্রুপ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ মানবিক কাজ। তরুণ প্রজন্মকে রক্তদান ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে ডাঃ আরিফুল ইসলাম পারভেজ, মাহাবুব আলম, ইঞ্জিনিয়ার আফসানুল ইসলাম সজীব, ফারুক হক ফয়সাল, মোঃ ফুল মিয়া, রেজাউল করীম মাস্টারসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, স্বেচ্ছায় রক্তদানে সচেতনতা সৃষ্টি, বৃক্ষরোপণসহ বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।
মোঃ আবদুল মনিম, বাঞ্ছারামপুর উপজেলা প্রতিনিধি 






















