রাজধানীর পল্টন থানার এক মামলায় অন্তর্বর্তী জামিন পেয়েছেন সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি। মঙ্গলবার বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ তাকে এ জামিন দেন। হত্যাচেষ্টার এক মামলায় কেন তাকে নিয়মিত জামিন দেওয়া হবে না, তা জানতে চেয় রুলও জারি করেছেন আদালত।
দীপু মনির আইনজীবী মো. রমজান আলী শিকদার কালের কণ্ঠকে বলেন, ‘মানবতাবিরোধী অপরাধ, হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে জুলাই অভ্যুত্থানের আগে-পরের মোট ৩৮টি মামলা রয়েছে ডা. দীপু মনির বিরুদ্ধে। এর মধ্যে দুটি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন। বাকি মামলাগুলোর মধ্যে দুইটিতে হাইকোর্ট রুলসহ জামিন দিয়েছেন।
এ ছাড়া ১৩টি মামলায় তাঁর জামিনের প্রশ্নে রুল জারি করা হয়েছে।’
বিগত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে তিনি পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেন দীপু মনি। ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছর ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আছেন।
নিজস্ব প্রতিবেদক 
























