সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ প্রকাশের জেরে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক গোলাম মাহবুব ছোবহানী (রুবেল)। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে তিনি লাকসাম থানায় এই জিডি করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর লাকসাম সরকারি কলেজে দুই ছাত্রীকে হেনস্তার ঘটনার প্রতিবাদে গত ১৮ অক্টোবর ‘লাকসাম সিটি নিউজ’ নামের ফেসবুক পেজে একটি সংবাদ পোস্ট করেন সাংবাদিক গোলাম মাহবুব ছোবহানী। ওই পোস্টকে কেন্দ্র করে পার্শ্ববর্তী নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের নূরপুর গ্রামের মনজুরুল হক নামে এক ব্যক্তি প্রথমে হোয়াটসঅ্যাপে এবং পরবর্তীতে পেজের ইনবক্সে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পাশাপাশি তাকে প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন ভয়ভীতি দেখানো হয়। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা প্রকাশ করেছেন ওই সাংবাদিক।
ভুক্তভোগী সাংবাদিক জানান, বিষয়টি লাকসাম প্রেস ক্লাবের নেতৃবৃন্দকে অবহিত করার পর তাদের পরামর্শে তিনি আইনের আশ্রয় নেন। মনজুরুলের হুমকি ও অশালীন আচরণের সব ডিজিটাল প্রমাণ তার কাছে সংরক্ষিত রয়েছে। প্রয়োজনে তিনি সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করবেন বলেও জানান।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী জিডির সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে অভিযুক্ত মনজুরুল হকের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, সাংবাদিক গোলাম মাহবুব ছোবহানী লাকসাম প্রেস ক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি দৈনিক মাতৃছায়া পত্রিকার লাকসাম উপজেলা প্রতিনিধি, বাংলা নিউজ টুয়েন্টি ফোর-এর ডিজিটাল বিভাগের কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি। এছাড়া তিনি ‘লাকসাম সিটি নিউজ’ নামে ফেসবুক পেজ ও একই নামে অনলাইন পোর্টাল পরিচালনা করেন।
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি 























