গ্রেপ্তারের পর ধারাবাহিক রিমান্ডে থাকার কারণে মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানিয়েছেন ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় মাসুদ উদ্দিনকে গ্রেপ্তার দেখানোর পাশাপাশি একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ট্রাইব্যুনাল। এদিন বিকেলে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। তিনি এ মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। একইসঙ্গে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হয়। শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন আদালত।
তিনি আরও বলেন, গত মার্চ মাস থেকে রিমান্ডে রয়েছি। ধারাবাহিকভাবে হওয়ার কারণে মানসিকভাবে ভেঙে পড়েছি। এজন্য কয়েকদিন পর হলে ভালো হবে।
এ সময় তার পক্ষে দাঁড়ানো আইনজীবী লিটন আহমেদও ট্রাইব্যুনালকে জিজ্ঞাসাবাদের তারিখ পেছানোর আর্জি জানান। একইসঙ্গে আইনি দিক তুলে ধরেন।
শুনানিকালে মাসুদ উদ্দিনকে উদ্দেশ করে ট্রাইব্যুনাল বলেন, ‘আপনার ভয় পাওয়ার কারণ নেই।’ তবে আবারও সময় পেছানোর অনুরোধ জানান মাসুদ উদ্দিন।
উভয়পক্ষের শুনানি শেষে প্রসিকিউশনের নির্ধারিত সময় অনুযায়ী জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে মাসুদ উদ্দিনকে আশ্বস্ত করে বলা হয়, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এছাড়া কোনো সমস্যা হলে ট্রাইব্যুনালকে জানানোর জন্যও বলা হয়।
গত ২৩ মার্চ রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার নিজ বাসা থেকে মাসুদ উদ্দিনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তিনি এক-এগারোর অন্যতম প্রধান কুশীলব হিসেবে পরিচিত। গ্রেপ্তারের পর অন্যান্য মামলায় তাকে কয়েক দফায় রিমান্ডে নেওয়া হয়।
নিজস্ব প্রতিবেদক 

























