কুমিল্লার মুরাদনগরে শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে মমতাজ বেগম শিক্ষা বৃত্তি প্রতিষ্ঠানের উদ্যোগে বৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে নির্বাচিত মোট ৫৫ জন মেধাবী শিক্ষার্থীকে নগদ অর্থ ও পুরস্কার প্রদান করা হয়।
শনিবার (২৭ ডিসেম্বর ) সকালে মুরাদনগর উপজেলার পীর কাশিমপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাহেদ হোসেন সরকারের পরিচালনায় এবং জাকির হোসেন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা শিক্ষা অফিসার তাপস কুমার পাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সৈয়দ মুহাম্মদ মশিউর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শেখ সাদী, মুরাদনগর উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহাদাত হোসেন আখন্দসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার প্রসারে বৃত্তি কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা অনেক সময় আর্থিক সংকটের কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারে না। এমন বৃত্তি ও পুরস্কার শিক্ষার্থীদের মনোবল বাড়ায় এবং তাদের ভবিষ্যৎ গঠনে সহায়ক ভূমিকা পালন করে। তারা মমতাজ বেগম শিক্ষা বৃত্তি প্রতিষ্ঠানের এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
প্রধান অতিথি জেলা শিক্ষা অফিসার তাপস কুমার পাল তার বক্তব্যে বলেন, “মেধাবী শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা ও আর্থিক সহায়তা দেওয়া গেলে তারা দেশ ও জাতির জন্য সম্পদে পরিণত হবে। সমাজের বিত্তবান ও শিক্ষা-অনুরাগীদের এ ধরনের উদ্যোগে এগিয়ে আসা উচিত।” তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিক শিক্ষা অর্জন এবং প্রযুক্তিনির্ভর জ্ঞান অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে নির্বাচিত ৫৫ জন শিক্ষার্থীর হাতে নগদ অর্থ ও সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
স্থানীয়দের মতে, মমতাজ বেগম শিক্ষা বৃত্তি প্রতিষ্ঠানের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকলে মুরাদনগর উপজেলার শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে।
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে শিক্ষার্থীদের বৃত্তি ও পুরস্কার বিতরণ
-
মিজানুর রহমান কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি " - আপডেট সময় ০৮:২৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
- ৭১৭ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ





















