ভুলতা-আড়াইহাজার-বাঞ্ছারামপুর-নবীনগর-শিবপুর-রাধিকা আঞ্চলিক মহাসড়কের কড়ইকান্দি ফেরিঘাট থেকে কোনাঘাট পর্যন্ত অংশের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) নির্মাণকাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।
প্রধান অতিথির বক্তব্যে মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, এই সড়ক নির্মাণ হলে বিশেষ করে বাঞ্ছারামপুর ও নবীনগরে বিনিয়োগের সম্ভাবনা বাড়বে। ব্রাহ্মণবাড়িয়ার কয়েকটি উপজেলা দীর্ঘদিন অবহেলিত ছিল। এ সড়ক নির্মাণের মাধ্যমে এসব এলাকায় বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরি হবে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) প্রকল্পটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে। সংশ্লিষ্টরা জানান, সড়কটির নির্মাণকাজ শেষ হলে বাঞ্ছারামপুরসহ আশপাশের এলাকার যোগাযোগব্যবস্থা আরও সহজ ও উন্নত হবে।
পাশাপাশি স্থানীয় জনগণের যাতায়াত এবং পণ্য পরিবহনে গতি বাড়বে। এতে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
কুমিল্লা সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মোফাজ্জল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম এ খালেক পিএসসি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক সিকদার, অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়া, পরিকল্পনা মন্ত্রণালয়ের ভৌত ও অবকাঠামো বিভাগের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্লাহ ভূঁইয়া, পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহসানুল হক, অতিরিক্ত সচিব বাবুল মিয়া, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম এমরান খান, উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক এ কে এম ভিপি মুসাসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বাঞ্ছারামপুর উপজেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া 



















