পাকিস্তানি শোবিজের পরিচিত মুখ আলিজাহ শাহ। বৈচিত্রময় চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন তিনি। তবে হুট করেই অভিনয় থেকে চিরদিনের জন্য সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন এই তারকা। এক আবেগঘন বার্তায় তিনি জানিয়েছেন, শোবিজ জগতের অমানবিক অভিজ্ঞতা তাকে মানসিকভাবে বিধ্বস্ত করেছে। তিনি আর কখনো এই অঙ্গনে ফিরতে চান না।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে আলিজাহ শাহ লেখেন, ‘এই ইন্ডাস্ট্রির কারণে আমি পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে আক্রান্ত হয়েছি। আমাকে এমনভাবে অপমান করা হয়েছে যে একসময় নিজেকেই ঘৃণা করতে শুরু করি। কোনো প্রচার পেতে আমি এসব বলছি না বা শোবিজ ছাড়ছি না। আমি আমার আত্মরক্ষার জন্য এটা করছি।’
তার ভাষায়, ‘এই ইন্ডাস্ট্রিতে দিনের ১২ ঘণ্টা আমাকে মূল্যহীন বস্তুর মতো ব্যবহার করা হয়েছে। আমি আর কখনো ফিরছি না, কারণ এই জগত যা করেছে তা আমি কোনোদিন ভুলতে পারব না।’
আলিজাহ জানান, শোবিজে কাজ করতে গিয়ে তিনি নানাভাবে হেনস্তা, হয়রানি, বেতন বঞ্চনা এবং অপমানজনক আচরণের শিকার হয়েছেন। তার কথায়, ‘অনেক রাত কেটেছে যেখানে দম বন্ধ হয়ে আসা পর্যন্ত কেঁদেছি। অনেক দিন আছে যেখানে অতীতের স্মৃতিগুলো এতটাই অসহ্য হয়েছে যে বমি করতে করতে পেট খালি হয়ে গেছে। এই কষ্ট আমার শরীরে, হৃদয়ে, মননে গভীরভাবে রয়ে গেছে।’
এর আগেও গত জুলাই মাসে আলিজাহ শোবিজের অন্ধকার দিক নিয়ে মুখ খুলেছিলেন। সেসময় তিনি অভিযোগ করেছিলেন হয়রানি, বেতন আটকে রাখা, সেটের বিষাক্ত পরিবেশ এবং ২০২১ সালের র্যাম্পে পড়ে যাওয়ার ঘটনার পর মনস্তাত্ত্বিক চাপে থাকার কথা।
আলিজাহের এই ঘোষণা পাকিস্তানি শোবিজ জগতের জন্য যেমন একটি বড় ধাক্কা তেমনি দেশটির শিল্পী-মানসিকতার গুরুত্ব নিয়েও নতুন করে প্রশ্ন তুলে দিল।
বিনোদন ডেস্ক 

























