২০১৫ সালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদপ্তর “মৎস্য সম্প্রসারণ ও মান নিয়ন্ত্রণ কর্মকর্তা” পদে ৩৯৫টি নতুন পদ সৃষ্টি ও অর্গানোগ্রাম সংশোধনের প্রস্তাব উত্থাপন করেছিল। কিন্তু দীর্ঘ ১০ বছর পার হলেও সেই প্রস্তাব বাস্তবায়ন না হওয়ায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করছে।
এরই ধারাবাহিকতায় আজ (সোমবার) বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের পদ্মা ভবনের সামনে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেন এবং বিভিন্ন প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন। মানববন্ধনে বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ করে একাত্মতা প্রকাশ করেন।
মানববন্ধনটি পদ্মা ভবন থেকে শুরু হয়ে মেঘনা ভবনের সামনে গিয়ে শেষ হয়। শিক্ষার্থীরা জানান, “এই সার্কুলার আমাদের অধিকার। গত ১০ বছরে বাস্তবায়ন না হওয়ায় ফিশারিজ বিভাগ থেকে গ্র্যাজুয়েট হওয়া শিক্ষার্থীরা যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। আমরা দ্রুত এই সার্কুলার বাস্তবায়নের দাবি জানাচ্ছি।”
বিশ্ববিদ্যালয়ের মেরিন ফিশারিজ বিভাগের প্রভাষক জান্নাতুল নাইমা বলেন, “ফিশারিজে টেকনিক্যাল ক্যাডারের সংখ্যা অন্যান্য ক্যাডারের তুলনায় অনেক কম। অনেক ক্ষেত্রেই আমরা মাঠ পর্যায়ে ফাঁকা পদ দেখতে পাই, কিন্তু অর্গানোগ্রাম বাস্তবায়ন না হওয়ায় সেগুলো পূরণ করা যাচ্ছে না। এর ফলে দক্ষ গ্র্যাজুয়েটরা বেকার থাকছে। সরকার ইতোমধ্যে অর্গানোগ্রামটি অনুমোদন দিয়েছে, তাই দ্রুত বাস্তবায়নের দাবি জানাচ্ছি।”
এর আগে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক প্রেজেন্টেশনে ফিশারিজ সেক্টরের বর্তমান অবস্থা, গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের চ্যালেঞ্জ ও অর্গানোগ্রাম বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। উক্ত অনুষ্ঠানে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনগুলো আরও সুসংগঠিত ও সঠিকভাবে পরিচালনার লক্ষ্যে গত সোমবার (২৮ এপ্রিল) একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে, যারা সারাদেশব্যাপী এই দাবি আদায়ে একত্রে কাজ করবে।
মোঃ সামিউল ইসলাম প্রমি, বিএমইউ প্রতিনিধি 






















