ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের চর রামকানাই ও চর সামছুদ্দিন এলাকায় কৃষকের জমি দখলের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন স্থানীয় এক রাজনৈতিক নেতা। এ ঘটনায় ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ হাফিজ ইব্রাহিমের নাম জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একপক্ষীয় ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।
রোববার (১৫ নভেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম কিংবা বিএনপির সঙ্গে কৃষকের জমি দখলের অভিযোগের কোনো সম্পর্ক নেই। একটি মহল রাজনৈতিক ও সামাজিকভাবে তাঁদের হেয়প্রতিপন্ন করতে পরিকল্পিতভাবে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে পরিষদের সরকারি চাল আত্মসাৎ এবং বয়স্ক ভাতার কার্ড বিক্রির অভিযোগও সম্পূর্ণ বানোয়াট বলে দাবি করেন তিনি।
লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে জনগণের সেবা করাকেই তিনি নিজের ব্রত হিসেবে নিয়েছেন। অথচ কোনো ধরনের প্রমাণ ছাড়াই তাঁর বিরুদ্ধে সরকারি চাল আত্মসাৎ ও বয়স্ক ভাতা বিক্রির মতো গুরুতর অভিযোগ তোলা হচ্ছে। এসব অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে একটি মহল মিথ্যা তথ্য ছড়িয়ে তাঁদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে।
জমি নিয়ে বিরোধের প্রকৃত ঘটনা তুলে ধরে তিনি বলেন, সাচড়া ইউনিয়ন ও গঙ্গাপুর ইউনিয়নের সীমান্তবর্তী চরাঞ্চলের জমির সীমানা নির্ধারণ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। একপর্যায়ে উভয় ইউনিয়নের লোকজন বিষয়টি নিয়ে স্থানীয় সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের কাছে যান। তখন সংসদ সদস্য কোনো পক্ষ অবলম্বন না করে নিরপেক্ষ ভূমিকা পালন করেন এবং আইনগতভাবে বিরোধ নিষ্পত্তির জন্য সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডকে দায়িত্ব দেন।
তিনি আরও বলেন, এসিল্যান্ড সরেজমিনে জমি পরিমাপ ও প্রয়োজনীয় যাচাই-বাছাই করে নিয়ম অনুযায়ী বিষয়টি সমাধানের উদ্যোগ নেন। কিন্তু বর্তমানে কালু নামের এক ব্যক্তি ৩৫০ একর এবং তাঁর সহযোগী হিসেবে পরিচিত জামাল নামের আরেক ব্যক্তি ৩১৯ একর জমির মালিকানা দাবি করছেন। এত বিপুল পরিমাণ জমির মালিকানা দাবির বিষয়টি প্রশাসনের মাধ্যমে বৈধ কাগজপত্র যাচাই করে নিষ্পত্তি হওয়া প্রয়োজন। কারও বৈধ দলিল ও মালিকানা থাকলে আইন অনুযায়ী প্রশাসন তা যাচাই করবে।
সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ওই চরাঞ্চলের প্রকৃত জমির মালিকেরা এখনো নিজ নিজ জমি ভোগদখলে রয়েছেন। সেখানে শতাধিক প্রকৃত জমির মালিক রয়েছেন। প্রয়োজনে তাঁদের সঙ্গে কথা বললেই জমির প্রকৃত অবস্থা সম্পর্কে জানা যাবে।
তিনি অভিযোগ করেন, জমির বিরোধকে কেন্দ্র করে একটি মহল পরিকল্পিতভাবে সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের নাম জড়িয়ে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। রাজনৈতিক ও সামাজিকভাবে তাঁদের সম্মানহানি করাই এ ধরনের প্রচারের মূল উদ্দেশ্য। তবে মিথ্যা প্রচারণা চালিয়ে তাঁদের দমিয়ে রাখা যাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সাংবাদিকতার দায়িত্বশীলতা প্রসঙ্গে তিনি বলেন, কোনো ঘটনার একপক্ষের বক্তব্যের ওপর ভিত্তি করে সংবাদ প্রকাশ করা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিচয় নয়। সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য, জমির দলিলপত্র এবং প্রশাসনিক তদন্তের তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করা উচিত। যাচাই-বাছাই ছাড়া কাউকে জমি দখলকারী কিংবা সরকারি সম্পদ আত্মসাৎকারী হিসেবে উপস্থাপন করা অনুচিত।
সংবাদ সম্মেলন থেকে তিনি প্রকাশিত সংবাদকে মিথ্যা ও বানোয়াট দাবি করে এর তীব্র প্রতিবাদ জানান এবং দেশবাসীকে যাচাই না করে কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। পাশাপাশি সংশ্লিষ্ট সাংবাদিকদের কাছে প্রকৃত ঘটনা অনুসন্ধান করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের প্রত্যাশা ব্যক্ত করেন।
রিয়াজ ফরাজী (ভোলা) বোরহানউদ্দিন 


















