শেরপুরের শ্রীবরদী সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ডেনভার বডি স্প্রে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব বডি স্প্রের আনুমানিক সিজার মূল্য ১৭ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা।
রোববার (১৫ নভেম্বর) ভোররাতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধীন কর্ণঝোড়া বিওপির একটি টহল দল শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী হাড়িয়াকোনা এলাকায় এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া বিওপির টহল কমান্ডার নায়েক আব্দুর রহিম খানের নেতৃত্বে বিজিবির একটি দল ভারতের মেঘালয় সীমান্তসংলগ্ন ১০৯৪ নম্বর সীমান্ত পিলার এলাকায় অভিযান চালায়। এ সময় বাংলাদেশের অভ্যন্তরে হাড়িয়াকোনা এলাকায় মালিকবিহীন অবস্থায় ৩ হাজার ৫৯৩ পিস ভারতীয় ডেনভার বডি স্প্রে জব্দ করা হয়।
তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সীমান্ত দিয়ে মাদক, কসমেটিকসসহ যেকোনো ধরনের চোরাচালানি পণ্য পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির টহল ও নজরদারি অব্যাহত রয়েছে।
সীমান্তে চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানায় বিজিবি।
মো. শাহ্ আলম-ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি 


















