আজকাল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর দিকে তাকালে চোখে পড়ে বহুতল ভবন, আধুনিক শ্রেণিকক্ষ, সুন্দর গেট, বড় মাঠ, ডিজিটাল সরঞ্জাম আর শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির দৃশ্য। উন্নয়ন হচ্ছে, সন্দেহ নেই। কিন্তু একটি প্রশ্ন থেকেই যায়—এই দৃশ্যমান উন্নয়নের সঙ্গে কি শিক্ষার প্রকৃত মানও সমানতালে এগিয়েছে?
আগেকার দিনের শিক্ষাপ্রতিষ্ঠানে হয়তো এত সুন্দর ভবন ছিল না, শ্রেণিকক্ষে আধুনিক সুযোগ-সুবিধা ছিল না, ছিল না এত প্রযুক্তির ব্যবহার। কিন্তু অনেক ক্ষেত্রেই শিক্ষকের প্রতি শিক্ষার্থীর শ্রদ্ধা, শিক্ষকের দায়িত্ববোধ, পড়াশোনার প্রতি মনোযোগ এবং জ্ঞান অর্জনের আন্তরিকতা ছিল চোখে পড়ার মতো।
তখন একজন শিক্ষক শুধু পাঠ্যবই পড়াতেন না, শিক্ষার্থীদের চরিত্র গঠন, শৃঙ্খলাবোধ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ শেখাতেন। শিক্ষার্থীরাও শিক্ষকের কথাকে গুরুত্ব দিত, সম্মান করত এবং শিক্ষকের সান্নিধ্যকে জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা হিসেবে বিবেচনা করত। পরীক্ষায় ভালো ফল করার পাশাপাশি ভালো মানুষ হওয়ার একটা তাগিদও ছিল।
অন্যদিকে, এটাও সত্য যে আগের দিনের শিক্ষা সবার জন্য সহজলভ্য ছিল না। অনেক শিক্ষার্থী ঝরে পড়ত, মেয়েদের শিক্ষার সুযোগ সীমিত ছিল, আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সুযোগও কম ছিল। আজ শিক্ষার প্রসার ঘটেছে, মেয়েদের অংশগ্রহণ বেড়েছে, উচ্চশিক্ষার সুযোগ তৈরি হয়েছে। এসব অবশ্যই ইতিবাচক অর্জন।
কিন্তু প্রশ্ন হলো, এত আয়োজনের পরও কেন অনেক শিক্ষার্থীর মধ্যে বই পড়ার অভ্যাস কমছে? কেন মুখস্থনির্ভরতা, সনদ অর্জনের প্রতিযোগিতা এবং কোচিংনির্ভরতা বাড়ছে? কেন শিক্ষকের প্রতি শ্রদ্ধা ও শিক্ষার্থীর প্রতি শিক্ষকের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন উঠছে? কেন ভালো ফলাফল থাকলেও অনেক শিক্ষার্থীর মধ্যে বিশ্লেষণী চিন্তা, ভাষার দক্ষতা, নৈতিকতা ও বাস্তবজ্ঞান প্রত্যাশিত মাত্রায় দেখা যায় না?
অবশ্যই সব শিক্ষক এক রকম নন, সব শিক্ষার্থীও এক রকম নয়। আজও অনেক নিবেদিতপ্রাণ শিক্ষক আছেন, যাঁরা সীমাবদ্ধতার মধ্যেও শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে নিরলস কাজ করছেন। তাঁদের অবদান অস্বীকার করার সুযোগ নেই।
মনে রাখতে হবে, শিক্ষার মান নির্ধারিত হয় না ভবনের উচ্চতা দিয়ে, শিক্ষার্থীর সংখ্যা দিয়ে কিংবা পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান দিয়ে। শিক্ষার প্রকৃত মান বোঝা যায় একজন শিক্ষার্থী কতটা জ্ঞানী, যুক্তিবাদী, দায়িত্বশীল, নৈতিক ও মানবিক মানুষ হয়ে উঠছে, তার মধ্য দিয়ে।
আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানে আরও বড় ভবন হোক, আধুনিক শ্রেণিকক্ষ হোক, শিক্ষার্থীর সংখ্যা বাড়ুক—আমরা সবাই তা চাই। তবে পাশাপাশি চাই শিক্ষকের মান ও মর্যাদা বৃদ্ধি, শিক্ষার্থীর অধ্যয়নমুখী মনোভাব, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং প্রকৃত জ্ঞানচর্চার পরিবেশ।
মো. আরিফুল ইসলাম মুরাদ-সিনিয়র সাংবাদিক 



















