গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ক্লাবের উদ্যোগে আয়োজিত ‘জলবায়ু প্রতিযোগিতা ২০২৫’-এর চূড়ান্ত পর্ব আজ শনিবার গাজীপুর বিজ্ঞান কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় গাজীপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্য থেকে বাছাইকৃত প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি করা এবং আগামী প্রজন্মকে টেকসই ভবিষ্যতের জন্য প্রস্তুত করা। সারাদিনব্যাপী আয়োজিত ফাইনাল রাউন্ডে শিক্ষার্থীরা নানান সৃজনশীল উপস্থাপনা, প্রশ্নোত্তর পর্ব এবং দলীয় আলোচনার মাধ্যমে জলবায়ু বিষয়ক নানা সমস্যা ও সমাধান তুলে ধরেন।
অনুষ্ঠানে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মূল আয়োজক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) একদল শিক্ষার্থী স্বেচ্ছাসেবক ও সহযোগী হিসেবে সক্রিয়ভাবে ভূমিকা রাখেন, যা আয়োজনে গতিশীলতা ও পেশাদারিত্বের ছাপ ফেলে।
প্রতিযোগিতা শেষে আয়োজকরা জানান, বিজয়ীদের নাম আগামী ৩ মে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে এবং একই দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানও আয়োজন করা হবে। বিজয়ী প্রতিযোগীদের জন্য রয়েছে সনদপত্র, ক্রেস্ট ও বিশেষ পুরস্কার।
জলবায়ু প্রতিযোগ এর আহবায়ক গাজীপুর সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম তিতাস স্যার বলেন, “জলবায়ু পরিবর্তন এখন বৈশ্বিক সংকট। এই সংকট মোকাবিলায় নতুন প্রজন্মকে সচেতন ও দক্ষ করে তুলতে আমাদের এই আয়োজন। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক ও অভিভাবকরা এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, জলবায়ু পরিবর্তনের মতো গুরুতর বিষয়ে ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের সচেতন করা সময়ের দাবি।
প্রতিযোগিতার পুরো আয়োজনে প্রাণচাঞ্চল্য, উদ্দীপনা ও শিক্ষামূলক পরিবেশ লক্ষ্য করা যায়, যা গাজীপুরের শিক্ষা অঙ্গনে একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সংবাদ শিরোনাম ::
গাজীপুরে জলবায়ু প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড সম্পন্ন
-
সাইফুর রহমান - আপডেট সময় ০৯:৩১:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
- ৭০২ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ




















