কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতায় সহায়তা কেন্দ্র পরিচালনা করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।
আজ শুক্রবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় এই কার্যক্রম পরিচালনা করেন সংগঠনটির নেতাকর্মীরা।
সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে পরিক্ষার্থীদের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিভিন্ন হেল্প ডেস্ক স্থাপন করেন। সেখানে পরীক্ষার্থীদের তথ্য সহায়তা, লাগেজ বহনের সেবা, বিনামূল্যে কলম, পেনসিল, বোর্ড, পানিসহ প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী রাখার ব্যবস্থা করা হয়। এছাড়া আগত শিক্ষার্থীদের জন্য পরীক্ষার আগের দিন আবাসনের ব্যবস্থাও করা হয় সংগঠনটির পক্ষ হতে।
এনিয়ে সংগঠনটির কুবি শাখার সভাপতি মো. শামীম বলেন, ‘ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কষ্ট কিছুটা লাঘব করতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা চাই, তারা যেন একটি ইতিবাচক অভিজ্ঞতা নিয়ে কুবি ক্যাম্পাস থেকে ফিরে যায়। শুধু পরীক্ষা নয়, তারা যেন এখানকার ভালোবাসা ও সহযোগিতার সংস্কৃতিও অনুভব করে।’
উল্লেখ্য, আজ (২৫ এপ্রিল) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
কুবি প্রতিনিধি 



















