নওগাঁর রানীনগরে পুলিশের টহল চলাকালে একাধিক স্থানে রাস্তায় কাটা গাছ ফেলে পরিবহনে ডাকাতি চেষ্টার ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি ট্রাকের চালকের নিকট থেকে টাকা ও মোবাইল ফোন লুট করে ডাকাতরা। তবে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও কাউকে আটক করতে পারেনি।
উপজেলার করজগ্রাম শাহপাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে আবুল হোসেন জানান, তার ট্রাক চালক ধুনটের গোসাইবাড়ী থেকে বালু নিয়ে ফিরছিলো। এসময় রবিবার(২২ডিসেম্বর) ভোর চারটা নাগাদ রাণীনগর-আবাদপুকুর সড়কের হরিপুর মোড়ের অদুরে পশ্চিমে পৌঁছালে ৬/৭জন মুখোশ পড়া ডাকাত গাছ কেটে সড়কে ফেলে পথ অবরোধ করে। এরপর ধারালো অস্ত্র ধরে চালক ও হেল্পারকে ট্রাক থেকে নামিকে এনে তাদের কাছে থাকা প্রায় পাঁচ হাজার টাকা এবং দুটি ফোন কেড়ে নিয়ে যায়। ভুক্তভোগীরা করজগ্রাম বাজারে পৌঁছে পুলিশকে খবর দিলে পুলিশ এসে ডাকাতদের কাউকে পায়নি।
অপর দিকে আবাদপুকুর বাস কাউন্টার মাস্টার এমরান হোসেন জানান, রাণীনগর থেকে ঢাকাগামী রাহাত ট্রাভেলস নামক একটি বাস যাত্রী নিয়ে যাবার সময় একই সড়কের রঞ্জনিয়া মোড়ের অদুরে পূর্বদিকে পৌঁছলে সড়কে একটি গাছ ফেলে পথ অবরোধ করে। এসময় খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পালিয়ে যায়। তবে পুলিশ সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছানোর কারনে কোনো মালামাল লুট কিংবা কোনো ক্ষতি হয়নি।
রাণীনগর থানার পরিদর্শক (তদন্ত) মসলেম উদ্দীন জানান, সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটলেও কোনো লুটপাট বা ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে এসব ঘটনায় থানায় এখনো পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ করেনি বলে জানান তিনি।
মোঃ আরাফাত আলী (নওগাঁ জেলা প্রতিনিধি): 






















