কুমিল্লার বুড়িচং সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আনোয়ার হোসেন (৫০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। ঘটনার ১০ ঘণ্টা পর বিকাল ৫টায় পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ।
রোববার সকাল ৮টার দিকে উপজেলার বাকশিমুল ইউনিয়নের মিরপুর গ্রামের বাংলাদেশ-ভারতের ২০৬৫ (৮এস) নম্বর সীমান্ত পিলারের কাছে এ গুলির ঘটনা ঘটে।
আনোয়ার উপজেলার মিরপুর গ্রামের চারু মিয়ার ছেলে।
বিজিবি, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি ভারত থেকে চোরাই পথে আনা চিনি বহনকারী শ্রমিক হিসেবে কাজ করতেন।
নিহতের স্ত্রী ও তার ছেলে-মেয়ে জানান, আনোয়ার হোসেন দীর্ঘ পাঁচ বছর কুয়েত প্রবাসে ছিলেন। বাড়িতে এসে কোনো কাজ না থাকায় তিনি লেবার হিসেবে বর্ডারে গিয়ে মাঝে মধ্যে চিনি নামাতেন। ঘটনার দিন সকালে জামতলার ফজল হক চিনি নামাতে তাকে মোবাইলে কল দিয়ে বাড়ি থেকে নিয়ে যান।
ইউপি সদস্য কাশেম জানান, বিকাল ৫টায় বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের পাঁচোড়া এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে নিহত আনোয়ারের মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ। বিজিবি সদস্যরা আনুষ্ঠানিকভাবে লাশ গ্রহণ করে বুড়িচং থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরবর্তীতে থানা পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। সন্ধ্যায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
৬০ বিজিবির অধিনায়ক এএম জাবের বিন জব্বার জানান, সকালে আনোয়ার ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন। ওই সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান।
আমাদের মার্তৃভূমি ডেস্ক : 



















