সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলার এজাহারনামীয় স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে শিপলু মিয়া (৩৫) ও ভোর সাড়ে ৩টার দিকে তাহিদুল ইসলাম তাহিদকে (২০) গ্রেপ্তার করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরের দিকে বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা।
গ্রেপ্তারকৃতরা হলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের ১৬ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক, কোতোয়ালি মডেল থানার সওদাগরটুলা এলাকার ৪ নম্বর বাসার মৃত ইউনুস মিয়া ও ফাতেমা বেগমের ছেলে শিপলু মিয়া (৩৫)। তাঁকে রাত দেড়টার দিকে নগরীর নাইওরপুল এলাকা থেকে কোতোয়ালি মডেল থানা পুলিশ গ্রেপ্তার করে। শিপলু মিয়া ২০২৪ সালের ২৮ অক্টোবর কোতোয়ালি মডেল থানায় বিস্ফোরক দ্রব্যাদি আইনে দায়ের করা মামলার (নং ৩৭) এজাহারনামীয় আসামি।
জানা যায়, ভোর সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর কুয়ারপাড় এলাকা থেকে কোতোয়ালি মডেল থানা পুলিশ ১১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক, কুয়ারপাড় এলাকার আলকাছ মিয়ার বাড়ির তেজাব আলীর ছেলে তাহিদুল ইসলাম তাহিদকে (২০) গ্রেপ্তার করে। তাহিদ কোতোয়ালি মডেল থানায় ২০২৪ সালের ১০ অক্টোবর বিস্ফোরক আইনে দায়ের করা মামলার (নং ১৬) এজাহারনামীয় আসামি।
তাঁদের দুজনকে আদালতে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ও ডিসি (সিটিএসবি) মো. আফজাল হোসেন।
আজিজ খান-স্টাফ রিপোর্টার 





















