কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী তানিয়া আক্তার তাপসী (ডানে) চাকরির সাক্ষাৎকার (ইন্টারভিউ) দিতে এসে গাজীপুরের টঙ্গীতে আটক হয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক নেত্রী তানিয়া আক্তার তাপসী। সামাজিক যোগাযোগমাধ্যমে হকিস্টিক হাতে নিজের ছবি প্রকাশের পর আলোচনায় আসা এই নেত্রীকে পুলিশে সোপর্দ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যার পর টঙ্গী বাজার এলাকার সেনা কল্যাণ সংস্থার মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্র জানায়, তানিয়া আক্তার তাপসী টঙ্গী সমবায় কমপ্লেক্সে থাকা একটি প্রতিষ্ঠানের চাকরির সাক্ষাৎকার দিতে আসেন। এ সময় সেখানে উপস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিকা আজাদ তাকে শনাক্ত করেন। পরে ছাত্রদলের নেতারা তাকে পুলিশের কাছে হস্তান্তর করেন।
তানিয়া আক্তার তাপসী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেত্রী। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ছিলেন তিনি।
সম্প্রতি হকিস্টিক হাতে নিজের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন তাপসী। ছবিটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, রবিবার টঙ্গী সমবায় কমপ্লেক্সে থাকা একটি প্রতিষ্ঠানের চাকরির সাক্ষাৎকার দিতে আসেন নিষিদ্ধ ছাত্রলীগের ওই নেত্রী। এ সময় সেখানে উপস্থিত ছাত্রদলের নেতারা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
তিনি জানান, তাপসী ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার বিরুদ্ধে কী পরিমাণ মামলা রয়েছে, তা যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদক 
























