কুমিল্লা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনের লক্ষ্যে বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। গত ৪৮ ঘণ্টায় পরিচালিত এ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ মোট ৩২৫ জনকে আটক করা হয়েছে।
কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম-এর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও বিভিন্ন থানা পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে কিশোর গ্যাং, মাদক কারবারি, ছিনতাইকারী এবং নিষিদ্ধ সংগঠনের নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আনীত অভিযোগ ও অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই শেষে ২৩০ জনের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরদিকে, অপরাধে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় ৯৫ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
অভিযান প্রসঙ্গে কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম বলেন, “অপরাধ দমনের পাশাপাশি সাধারণ জনগণ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন, সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। কোনো নিরপরাধ ব্যক্তি যাতে অযাচিত ভোগান্তিতে না পড়েন, তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে কঠোর তদারকি ও প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, কিশোর গ্যাং, মাদক, ছিনতাইসহ সব ধরনের অপরাধ নির্মূল এবং জননিরাপত্তা সমুন্নত রাখতে জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান জোরদার করা হবে।
আব্দুর রহমান সাঈফ-কুমিল্লা প্রতিনিধি 






















