হিমালয়ে বিধ্বংসী বন্যায় ভয়াবহ ক্ষয়ক্ষতির মুখে পড়া প্রতিবেশী নেপালকে ১৬০ কোটি ডলারের উন্নয়ন সহযোগিতা প্যাকেজের প্রস্তাব দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার নয়াদিল্লিতে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের পাশে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী এ প্যাকেজের ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, আগস্টে নেপালে ধ্বংসাত্মক বন্যায় প্রাণহানির ঘটনায় আমরা গভীর শোক প্রকাশ করছি।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, নেপালের পুনর্গঠনে সহায়তা এবং এর দীর্ঘমেয়াদি উন্নয়নে নতুন গতি সঞ্চার করতে আমরা ২৪ হাজার কোটি নেপালি রুপি (১৬০ কোটি ডলার) মূল্যের একটি উন্নয়ন সহযোগিতা প্যাকেজ ঘোষণা করছি।
তবে এই উন্নয়ন প্যাকেজে কী কী অন্তর্ভুক্ত রয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য দেয়নি ভারত।
গত মার্চে দায়িত্ব নেওয়ার পর প্রতিবেশী কোনো দেশে প্রথম সফরে যাওয়া শাহকে রোববার নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে সামরিক গার্ড অব অনার দেওয়া হয়। র্যাপার থেকে রাজনীতিক বনে যাওয়া এই নেতা ২০২৫ সালের সেপ্টেম্বরে তরুণদের নেতৃত্বাধীন দুর্নীতিবিরোধী বিক্ষোভে অলি সরকারের পতনের পর ক্ষমতায় আসেন।
সাদা পোশাকে থাকা ৭৬ বছর বয়সী মোদি কালো পোশাক ও চিরচেনা সানগ্লাস পরা ৩৬ বছর বয়সী শাহকে উষ্ণ আলিঙ্গন করেন। নেপালের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর শাহ শুরুতে বিদেশ সফর থেকে বিরত ছিলেন।
তার প্রথম বিদেশ সফর ছিল গত সেপ্টেম্বরে নিউইয়র্কে। সেখানে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন তিনি। ওই সময় উঁচু হিমবাহের পর্বত ধসে সৃষ্ট সুনামির মতো প্রাণঘাতী বন্যায় বিপর্যস্ত হয়ে পড়ে নেপাল। দেশটিতে ওই বন্যায় ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত এবং ৫ হাজার মানুষ নিখোঁজ হন।
ভবিষ্যতের দুর্যোগ মোকাবিলা
বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নিঃসরণে নেপালের অবদান সামান্য। দেশটির সরকারি হিসাব অনুযায়ী, ভয়াবহ সেই বন্যার পর দেশ পুনর্গঠনে ৪৭৮ কোটি ডলার খরচ হবে। বালেন্দ্র শাহ বলেন, এটি যৌথ উদ্যোগের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলার প্রয়োজনীয়তা তুলে ধরেছে।
গত অক্টোবরে জাতিসংঘের জলবায়ু ক্ষতি ও লোকসান তহবিল নেপালকে ২ কোটি ডলার সহায়তা দেওয়ার বিষয়ে সম্মত হয়। একক আবেদনে কোনো দেশকে দেওয়া এটিই সর্বোচ্চ বরাদ্দ। প্রথমবারের মতো কোনো দেশের জন্য এই তহবিল থেকে অর্থ বরাদ্দ দেয় জাতিসংঘ।
৩ কোটি মানুষের স্থলবেষ্টিত হিমালয়কন্যা খ্যাত নেপালকে দীর্ঘদিন ধরে তার দুই বৃহৎ প্রতিবেশী ভারত ও চীনের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে হচ্ছে। মোদি বলেছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তাদের জীবন নতুন করে গড়ে তুলতে সহায়তা, নতুন সুযোগ সৃষ্টি এবং ভবিষ্যতের দুর্যোগ মোকাবিলায় নেপালের সক্ষমতা আরও জোরদার করাই হবে আমাদের অঙ্গীকার।
বিশ্বব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, নেপালের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ভারত। দেশটির আমদানির ৬০ শতাংশের বেশি ভারত থেকে আসে। আর্থিক হিসাবে এর পরিমাণ প্রায় ৮৬০ কোটি ডলার। অন্যদিকে চীনের অংশ ১৩ শতাংশ বা ১৮০ কোটি ডলার।
মোদি বলেন, দুই দেশের সম্পর্ক অংশীদারত্বের ইতিহাস, সংস্কৃতি এবং জনগণের মধ্যে গভীর সংযোগের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। দুই নেতা একটি আন্তঃসীমান্ত রেলপথ, ৬৬৯ মেগাওয়াটের একটি জলবিদ্যুৎ কেন্দ্র, একটি সম্প্রসারিত পেট্রোলিয়াম পাইপলাইন এবং একটি নতুন তেল সংরক্ষণ টার্মিনালসহ বিভিন্ন প্রকল্পেরও উদ্বোধন করেন।
শাহ বলেন, নেপাল ও ভারতের মধ্যকার বন্ধুত্ব এমন হোক, যেখানে বিশ্বাস হিমালয়ের মতো সুউচ্চ হয়ে দাঁড়ায়, সহযোগিতা নদীর মতো নিরবচ্ছিন্নভাবে প্রবাহিত হয় এবং আমাদের অভিন্ন আকাশের নিচে উভয় জাতির সমৃদ্ধি বিকশিত হয়।
আন্তর্জাতিক ডেস্ক 
























