কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (উত্তর)-এর সহকারী রাজস্ব কর্মকর্তা মো. রুহুল মাহমুদের বিরুদ্ধে বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, রাজস্ব ফাঁকিতে সহায়তা এবং ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্র ও প্রাপ্ত তথ্য অনুযায়ী, চাকরির সর্বসাকুল্যে বেতন যেখানে মাত্র ৩৫ হাজার টাকা, সেখানে তিনি প্রায় শত কোটি টাকার সম্পদের মালিক বলে দাবি করা হচ্ছে। দামি প্রাইভেট কারে চলাফেরা করা এই কর্মকর্তার ব্যক্তিগত চালকের বেতনই নাকি ২৫ হাজার টাকা। ঢাকা শহরে একাধিক বাড়ি, ফ্ল্যাট ও প্লটের পাশাপাশি তার বিপুল ব্যাংক ব্যালেন্স রয়েছে বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, অর্থ ও ক্ষমতার দাপটে সাংবাদিকরা সংবাদ প্রকাশের আগে বক্তব্য নিতে গেলে তিনি দেখে নেওয়ার হুমকি দেন।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, রুহুল মাহমুদের স্থাবর ও অস্থাবর সম্পদের বিবরণ তার বৈধ আয়ের সঙ্গে চরমভাবে অসামঞ্জস্যপূর্ণ। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তালুক মাদাতী গ্রামের বাসিন্দা এবং এ.বি.এম আব্দুল মান্নানের ছেলে রুহুল মাহমুদের নিজ গ্রামে আলিশান চারতলা ভবন রয়েছে। এ ছাড়া রংপুর ডিসি অফিসের সামনে ৬ শতাংশ জমি, কালীগঞ্জের চামটা বাজারের পূর্ব মাথায় আনুমানিক ৩ কোটি টাকা বাজারমূল্যের ৩২ শতাংশ জমি এবং চামটা বাজারের মাঝখানে দুটি দোকানসহ আনুমানিক ৯০ লাখ টাকা মূল্যের ৪ শতাংশ জমি রয়েছে বলে তথ্য মিলেছে। পাশাপাশি নিজ গ্রামে ২০ বিঘারও বেশি নাল জমি কেনার কথাও উঠে এসেছে। আইনগত জটিলতা এড়াতে তিনি স্ত্রী, বাবা, শ্বশুর-শাশুড়ি ও আত্মীয়স্বজনের নামেও সম্পদ গড়ে তুলেছেন বলে সংশ্লিষ্টরা মনে করেন।
অভিযোগ রয়েছে, বিভিন্ন কাস্টমস হাউস ও কাস্টমস বন্ডে কর্মরত থাকাকালীন চোরাকারবারি এবং একটি বিশেষ মহলের ব্যবসায়ীদের সঙ্গে যোগসাজশে অবৈধ পণ্য ছাড়ের মাধ্যমে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকিতে সহায়তা করেছেন রুহুল মাহমুদ। এর বিনিময়ে তিনি ব্যক্তিগতভাবে আর্থিকভাবে লাভবান হয়েছেন বলে দাবি করা হচ্ছে। এই সংক্রান্ত আর্থিক অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ব্যবসায়ী আনোয়ার হোসেন দুর্নীতি দমন কমিশনে (দুদক) রুহুল মাহমুদের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন। একজন কর্মকর্তার এমন বিলাসী জীবনযাপন ও সম্পদের পাহাড় দেখে খোদ এনবিআরের কর্মকর্তাদের মাঝেও বিস্ময় তৈরি হয়েছে বলে সূত্রে জানা গেছে।
অনুসন্ধানে আরও উঠে এসেছে যে, রুহুল মাহমুদের বাবা কালীগঞ্জ থানা ওলামা লীগের সভাপতি এবং দলীয় পদ ও প্রভাব খাটিয়ে তিনি এলাকায় অঢেল সম্পদের মালিক হয়েছেন, যা নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা ও প্রশ্ন রয়েছে। বর্তমান প্রেক্ষাপটে যখন রাষ্ট্রের অর্থনীতিকে সচ্ছল ও গতিশীল করার পাশাপাশি কাঠামোগত সংস্কারের চেষ্টা চলছে, তখন কাস্টমস বন্ডের মতো গুরুত্বপূর্ণ স্থানে এমন বিতর্কিত ও দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের অবস্থান এবং ফ্যাসিবাদী রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টদের পুনর্বাসনের গুঞ্জন রাষ্ট্রের অর্জনকে প্রশ্নবিদ্ধ করছে বলে বিশ্লেষণে প্রতীয়মান হয়। সংশ্লিষ্টদের মতে, রুহুল মাহমুদসহ তার পরিবার ও আত্মীয়স্বজনের নামে থাকা সম্পদ ও ব্যাংক হিসাবের সুষ্ঠু তদন্ত হলেই প্রকৃত চিত্র বেরিয়ে আসবে।
নিজস্ব প্রতিবেদক 
























