রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের ইকলিমপুর গ্রামে ছুটিতে আসা মো. রাকিবুল ইসলাম রাকিব নামে এক সেনা সদস্যের বিরুদ্ধে মোছা. শারমিন আক্তার সুমি নামে এক নারীকে গলা টিপে হত্যাচেষ্টা এবং স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে। অভিযুক্ত রাকিবুল ইসলাম রাকিব একই উপজেলার চতরা ইউনিয়নের গোবিন্দপাড়া গ্রামের মো. আতিয়ার প্রধানের ছেলে। তিনি বর্তমানে বরিশাল সেনানিবাসে কর্মরত রয়েছেন বলে জানা গেছে। গত ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে চতরার ইকলিমপুর গ্রামে ভুক্তভোগীর নিজ বাসায় এই হামলার ঘটনা ঘটে। বর্তমানে আহত শারমিন আক্তার সুমি পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী মোছা. শারমিন আক্তার সুমি পীরগঞ্জ উপজেলার চতরা কাছারি ডাকঘরের অধীন ইকলিমপুর গ্রামের মৃত মো. শফিকুল ইসলামের মেয়ে এবং মৃত মো. আতিয়ার রহমানের স্ত্রী।
পরিবার সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে রাতের খাবার শেষ করে শারমিন আক্তার সুমি বাসার মূল ফটক খোলা রেখে কোনো কাজে বাইরে যান। এই সুযোগে অভিযুক্ত সেনা সদস্য মো. রাকিবুল ইসলাম রাকিব বাসার ভেতরে প্রবেশ করেন। সে সময় বাসায় থাকা পরিবারের সদস্যরা তাকে বসতে বলেন। কিছুক্ষণ পর শারমিন আক্তার সুমি বাসায় ফিরে এলে রাকিব অতর্কিতভাবে তার ওপর হামলা চালান।
ভুক্তভোগীর বড় মেয়ে ঘটনার বিবরণ দিয়ে জানান, অভিযুক্ত রাকিব তার মাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন এবং একপর্যায়ে গলা টিপে ধরেন। এতে শারমিন আক্তার সুমির গলায় গুরুতর জখম হয়। হামলার সময় অভিযুক্ত ব্যক্তি তার গলায় থাকা দেড় ভরি ওজনের একটি স্বর্ণের চেইন এবং হাতের চার আনা ওজনের একটি আংটি ছিনিয়ে নেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হামলার কারণ সম্পর্কে ভুক্তভোগীর বড় মেয়ে বলেন, ‘রাকিবের শ্বশুরের সঙ্গে পূর্বের কোনো ঝামেলার জের ধরেই সে আমাদের পরিবারের সদস্যদের হত্যা করার উদ্দেশ্যে বাসায় এসেছিল বলে আমাদের ধারণা।’
এ বিষয়ে অভিযুক্ত সেনা সদস্য মো. রাকিবুল ইসলাম রাকিবের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার স্ত্রী কলটি রিসিভ করেন। অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, রাকিবুল ইসলাম এখন বাসায় নেই এবং এ বিষয়ে পরবর্তীতে কথা বলা হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
এ বিষয়ে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জের (ওসি) কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমাদের কাছে এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
শহীদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি 

























