নওগাঁর আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের স্থানীয় জনসাধারণের চলাচলের সুবিধার্থে আনসার ও ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে সুদরানা নদীর ঘাটসংলগ্ন রাস্তায় এ স্বেচ্ছাশ্রম কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
জানা যায়, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. খুশি খাতুন এবং ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার আব্দুর রাজ্জাকের সার্বিক তত্ত্বাবধানে আনসার ও ভিডিপি সদস্যরা কোদাল, ঝুড়ি ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কারের কাজে অংশ নেন।
স্থানীয় বাসিন্দাদের যাতায়াত নির্বিঘ্ন ও সহজতর করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মসূচি প্রসঙ্গে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. খুশি খাতুন বলেন, ‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা’—এই মূলমন্ত্রকে ধারণ করে আনসার ও ভিডিপি সদস্যরা সব সময় জনকল্যাণমূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।
তিনি আরও বলেন, বিশা ইউনিয়নের সুদরানা নদীর ঘাটসংলগ্ন এলাকার সাধারণ মানুষের চলাচলের দুর্ভোগ লাঘবে আমাদের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামতের কাজে অংশ নিয়েছেন। ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও সামাজিক কল্যাণে এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
উক্ত সংস্কারকাজে অংশগ্রহণ করেন আনসার ও ভিডিপি সদস্য বিপ্লব হোসেন, আশরাফুল ইসলাম, রিয়াদ, আল কাহার আসিফ, শাহজাহান আলী, বায়তুল প্রমুখ।
এলাকার সচেতন মহল আনসার ও ভিডিপির এমন স্বেচ্ছাশ্রমমূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের ফলে স্থানীয়দের যাতায়াতে বাড়তি সুবিধা তৈরি হবে।
আব্দুল মজিদ মল্লিক-আত্রাই (নওগাঁ) প্রতিনিধি 





















