দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ় করার পাশাপাশি পর্যটনশিল্পের বিকাশ ও সমৃদ্ধিতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ ও মালদ্বীপ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রশীদের সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে পর্যটন ছাড়াও তৈরি পোশাক খাত, ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময় এবং সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ এই দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এগিয়ে নিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে মালদ্বীপের রাষ্ট্রপতির উপস্থিতি দুই দেশের মধ্যকার বন্ধনকে আরও ঘনিষ্ঠ করেছে বলে তিনি উল্লেখ করেন।
স্পিকার জানান, দুই দেশের মধ্যে অভিন্ন সংস্কৃতির বন্ধন এবং মুসলিম ভ্রাতৃত্ববোধ উভয় দেশের জনগণকে উৎসাহিত করে। এই সম্পর্ক সুদৃঢ় করতে দুই দেশের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ প্রতিষ্ঠা ও সংসদীয় দ্বিপক্ষীয় সফর বিনিময় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
দেশের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে স্পিকার বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে এ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত হয়েছিল। তিনি উল্লেখ করেন, সে সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ অধিকাংশ বিরোধী দলীয় নেতা জেল, গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হন। পরবর্তী সময়ে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে দেশের গণতন্ত্রকামী জনগণ সেই শাসনের অবসান ঘটায়। বর্তমান জাতীয় সংসদ জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে কাজ করছে বলে তিনি হাইকমিশনারকে অবহিত করেন।
বর্তমান সংসদের কার্যকারিতা সম্পর্কে স্পিকার আরও বলেন, চলমান সংসদে বিরোধী দল অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছে। পাশাপাশি এবারের সংসদের নারী সংসদ সদস্যরা অনেক বেশি প্রশিক্ষিত ও দক্ষ, যাঁরা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এ সময় তিনি মালদ্বীপের হাইকমিশনারকে আগামী সংসদ অধিবেশন পর্যবেক্ষণের আমন্ত্রণ জানান।
মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রশীদ বলেন, বাংলাদেশ একটি মুসলিম অধ্যুষিত দেশ হওয়ায় এ দেশের জনগণের সঙ্গে মালদ্বীপের জনগণের অভিন্ন সংস্কৃতি ও সম্প্রীতির দৃঢ় বন্ধন রয়েছে। তিনি উল্লেখ করেন, মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা সেখানকার সংস্কৃতির সঙ্গে খুব সহজেই মানিয়ে নিতে পারেন।
বৈঠকে উভয় পক্ষ দুই দেশের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি, সংসদীয় ককাস গঠন, পর্যটনশিল্পের বিকাশ ও সমৃদ্ধি এবং বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের প্রসারে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎকালে মালদ্বীপের ডেপুটি হাইকমিশনারসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 





















