নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে পটুয়াখালীতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর, আওয়ামী লীগ নেতাদের বাড়িতে অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটেছে। গতকাল রাত সাড়ে ৯টার পর থেকে জেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। তবে সকাল থেকে লকডাউনের তেমন কোনো প্রভাব লক্ষ করা যায়নি। স্বাভাবিক রয়েছে যান চলাচল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে ৯টায় কলাপাড়া বাসস্ট্যান্ডের ইউনিক পরিবহনের কাউন্টারের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর আদিল (২৫) ও নিপু হাওলাদার (২০) নামের দুই যুবককে হাতেনাতে আটক করেন স্থানীয়রা। পরে তাঁদের মারধর করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এদিকে, একই সময়ে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের শাখারিয়া এলাকায় ককটেল বিস্ফোরণ ও একটি বাস ভাঙচুরের ঘটনা ঘটে। এ ছাড়া একই মহাসড়কের বসাক বাজার এলাকায় এবং মির্জাগঞ্জ উপজেলার বরগুনা-বরিশাল সড়কে কয়েকটি টায়ারে অগ্নিসংযোগ করা হয় বলে জানা গেছে।
অপরদিকে, রাত ১০টার দিকে পটুয়াখালী শহরের সবুজবাগ এলাকায় জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীরের বসতবাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে শ্রমিক লীগ নেতা খলিলুর রহমান, আওয়ামী লীগ নেতা গোলাম সরোয়ার ও সাবেক পৌর মেয়র মহিউদ্দিন আহমেদের বাসায় হামলার ঘটনা ঘটে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের টহল অব্যাহত রয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।
মোঃ মামুন হোসাইন-স্টাফ রিপোর্টার 





















