টাঙ্গাইলের কালিহাতীতে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ আমানুল্লাহ মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কালিহাতী থানা পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে কালিহাতী থানাধীন এলেঙ্গা পৌরসভার আকবর কালার প্রিন্ট দোকানের সামনে ঢাকা মুখী সার্ভিস লেনের পাকা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনায় এবং কালিহাতী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মঞ্জুরুল ইসলামের তত্ত্বাবধানে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকীর সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। এএসআই (নিরস্ত্র) তপন কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল গল্ফ-৭১ ডিউটিতে থাকাকালে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আমানুল্লাহ মিয়া কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার শিমুলকান্দি (ইমামের চর) এলাকার মৃত আব্দুর রহমান ও মৃত জহুরা বেগমের ছেলে। এ সময় তাঁর হেফাজত থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে কালিহাতী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
জীবন আহমেদ রাব্বি-কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি 





















