কুমিল্লার সদর দক্ষিণে ১৯ বছর আগে সংঘটিত একটি ডাকাতির মামলায় আট আসামিকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে একজনকে ১০ বছর এবং অপর সাতজনকে আট বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) কুমিল্লার যুগ্ম দায়রা আদালত-১২-এর বিচারক শেখ সাদী রহমান এ রায় ঘোষণা করেন।
১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন মো. আবাদ মিয়া। আট বছর করে কারাদণ্ডপ্রাপ্ত অন্য সাত আসামি হলেন মো. রফিকুল ইসলাম, মনির হোসেন, মো. আবুল খায়ের ওরফে মনির, দুলাল মিয়া ওরফে দুলাল, মো. তাজুল ইসলাম, মজিবুর রহমান ও মো. আবদুর রহিম ওরফে রহিম। এ মামলার অপর আসামি কামাল হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি মনির হোসেন, মজিবুর রহমান ও মো. তাজুল ইসলাম এবং খালাসপ্রাপ্ত কামাল হোসেন আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত অপর আসামিরা পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ১০ এপ্রিল গভীর রাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রাকাশের উত্তরপাড়া এলাকায় বাদী মো. হারুন মজুমদারের বসতঘরে একদল ডাকাত প্রবেশ করে। এ সময় পরিবারের সদস্যদের জিম্মি করে ঘর থেকে আট ভরি স্বর্ণালংকার, নগদ ২০ হাজার টাকা, একটি টর্চলাইট ও একটি টেপ রেকর্ডার লুট করে নিয়ে যায় তারা।
এ ঘটনায় পরদিন ১১ এপ্রিল হারুন মজুমদার সদর দক্ষিণ থানায় মামলা করেন। মামলায় আবাদ মিয়া, রফিকুল ইসলাম, মনির হোসেন, দুলাল মিয়াসহ অজ্ঞাতনামা আরও তিন-চারজনকে আসামি করা হয়।
মামলাটি তদন্ত করেন সদর দক্ষিণ থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) রসুল আহমেদ নিজামী। তদন্তকালে তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে একাধিক আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তদন্ত শেষে ২০০৭ সালের ২৬ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০০৮ সালের ২৯ এপ্রিল মজিবুর রহমান মজিবকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয় এবং তাঁর বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হয়।
পরবর্তী সময়ে মামলাটির বিচার শুরু হলে ২০১১ সালের ২১ নভেম্বর আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় অভিযোগ গঠন করা হয়। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষে ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং উভয় পক্ষের যুক্তিতর্ক পর্যালোচনা শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. আমানুর রহমান খান তারিফ। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে এ রায়ের মধ্য দিয়ে ২০০৭ সালের ডাকাতির মামলাটির নিষ্পত্তি হলো।
আব্দুর রহমান সাঈফ-কুমিল্লা 























