১৯৫২ সালের ভাষা আন্দোলনের অন্যতম প্রস্তাবক ও বীর মুক্তিযোদ্ধা শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতিবিজড়িত কুমিল্লার ঐতিহাসিক বাসভবন সংরক্ষণ, অবৈধ খতিয়ান বাতিল এবং বাসভবন বিক্রির চক্রান্ত বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), কুমিল্লা মহানগর শাখা।
রোববার (৮ নভেম্বর) কুমিল্লা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদান শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এক জরুরি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
এনসিপি কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক সিরাজুল ইসলাম এবং সদস্যসচিব মাছুমুল বারী কাউছারের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রকৌশলী কাজী মো. জায়েদ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব; মোজাম্মেল হক তানভীর, যুগ্ম সদস্যসচিব; শাহ পরান জুয়েল, সদস্যসচিব; ইমরাত জাহান এনি, জুলাই গণঅভ্যুত্থানবিষয়ক সম্পাদক; মোস্তফা জিয়ান, আহ্বায়ক, জাতীয় ছাত্রশক্তি; মাহবুব, সদস্যসচিব, জাতীয় ছাত্রশক্তি; জাহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক, জাতীয় ছাত্রশক্তি; আব্দুস সামাদ, সদস্যসচিব, কুমিল্লা আদর্শ সদর উপজেলা ও কুমিল্লা দক্ষিণ জেলার যুগ্ম সদস্যসচিব এবং ইফতেখারুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক, কেন্দ্রীয় ওলামা উইং।
এ ছাড়া কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাতীয় নারী শক্তি ও ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রশক্তির নেতৃবৃন্দসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
প্রেস ব্রিফিংয়ে নেতৃবৃন্দ শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের ঐতিহাসিক বাসভবনের গুরুত্ব তুলে ধরে বলেন, এটি শুধু একটি স্থাপনা নয়, বরং বাংলাদেশের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্ন। এ ঐতিহাসিক সম্পত্তি রক্ষা করা রাষ্ট্রের নৈতিক ও ঐতিহাসিক দায়িত্ব।
তাঁরা বাসভবনটির যথাযথ সংরক্ষণ ও সংস্কার, অবৈধ খতিয়ান বাতিল এবং সম্পত্তিটি বিক্রির যেকোনো অপচেষ্টা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
নেতৃবৃন্দের দাবি, শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতিবিজড়িত এই ঐতিহাসিক বাসভবন যথাযথভাবে সংরক্ষণ করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে দেশের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে তুলে ধরতে হবে।
আব্দুর রহমান সাঈফ, কুমিল্লা 





















