রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে ফেসবুক লাইভে আসেন পরীমনি। তিনি জানান, রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। সেখান থেকে বের হওয়ার সময় কিছু মানুষের তোপের মুখে পড়েন তিনি। তার গাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ করেন পরীমনি।
অনুষ্ঠানের ব্যাকস্টেজে বসে ফেসবুক লাইভ করেন তিনি। পরীমনি জানান, তাৎক্ষণিকভাবে গুলশান থানায় ফোন করলে পুলিশ ঘটনাস্থলে আসে। তারাও পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছিল বলে দাবি করেন অভিনেত্রী।
পরীমনি বলেন, ‘আমি থানায় ফোন করতে বাধ্য হয়েছি। আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে, গাড়িতে উঠতে পারছিলাম না। ব্যাকস্টেজে বসে আছি, রাত একটার সময়। তারা কারা জানেন? ইয়েলো জার্নালিজম করে, সাংবাদিকতার নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করে। এখানে স্টলগুলো ভাঙচুর করেছে। এসবের দায়িত্ব কে নেবে? যাদের ক্ষতি হয়েছে, যেসব আর্টিস্ট হেনস্তার শিকার হলেন, তাদের ক্ষতির দায় কে নেবে?’
সাম্প্রতিক সময়ে পরীমনিকে ঘিরে একাধিক বিতর্কিত ঘটনা ঘটেছে। বিশেষ করে আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে তার বিরোধ নিয়ে তীব্র সমালোচনা হয়েছে। সাংবাদিকদের একাংশ তাকে বয়কটের ডাকও দিয়েছেন।
সে প্রসঙ্গে ইঙ্গিত করে পরীমনি বলেন, ‘যদি আমার প্রতি ক্ষোভ থাকে, তাহলে আমার সঙ্গে বসুক, আমার সঙ্গে বুঝুক। আমি পুরো পারফরম্যান্স করলাম, কেউ কিছু বলল না। এখানে তো অনেক মানুষ, সাধারণ মানুষ। তাদের মাঝে ঝামেলা করার সাহস হয়নি ওদের। এ জন্য আমি পারফরম্যান্স শেষ করে বের হয়ে যাওয়ার সময় আমার গাড়িতে আক্রমণ করল। এসব হামলা, ভাঙচুর ও ক্ষয়ক্ষতির দায় কে নেবে?’
বিনোদন ডেস্ক 
























