কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে তৎপর ভূমিকা রাখায় প্রশংসিত হচ্ছেন তাড়াইল থানার উপপরিদর্শক (এসআই) ফোরকান মোল্লা।
গত কয়েক মাসে তাড়াইল উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী ধারাবাহিক অভিযান চালিয়ে বেশ কয়েকজন মাদক কারবারি ও মাদকসেবীকে আইনের আওতায় এনেছেন এসআই ফোরকান মোল্লা। তাঁর এই ভূমিকার কারণে দীর্ঘদিন ধরে গোপনে গড়ে ওঠা মাদকের আড্ডাগুলো কমে এসেছে বলে দাবি করেছেন স্থানীয়রা।
স্থানীয় সচেতন ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, আগে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার তরুণ সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলছিল। তবে পুলিশ প্রশাসনের তৎপরতা, বিশেষ করে এসআই ফোরকান মোল্লার ধারাবাহিক অভিযানের ফলে পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে তাঁদের দাবি। যোগদানের পর থেকেই তিনি মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন এবং নিয়মিত ও আকস্মিক অভিযান পরিচালনা করছেন।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও অভিভাবকেরা জানান, এসআই ফোরকান মোল্লার তৎপরতায় এলাকার যুবসমাজের মধ্যে স্বস্তি ফিরেছে। তাঁরা তাড়াইল উপজেলাকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানান।
তাড়াইল থানার উপপরিদর্শক (এসআই) ফোরকান মোল্লা বলেন, উপজেলার আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদকের মতো সামাজিক ব্যাধি নির্মূলে তাড়াইল থানা-পুলিশ সর্বদা তৎপর রয়েছে। মাদক কারবারি যতই প্রভাবশালী হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না।
রুহুল আমিন-তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি 
























