রংপুরের তারাগঞ্জে সড়কের ডিভাইডারে ধাক্কা লেগে এআর ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস উল্টে হেলপার এনামুল হক (২৭) নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে রংপুর-সৈয়দপুর মহাসড়কের ইকরচালী বাসস্ট্যান্ড এলাকায় ব্র্যাক কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এনামুল হকের বাড়ি রংপুর সদর উপজেলার পাগলাপীর এলাকায়। তিনি দুর্ঘটনাকবলিত বাসটির হেলপার ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নীলফামারীর ডোমার থেকে রংপুরগামী এআর ট্রাভেলসের বাসটি ইকরচালী বাজার এলাকায় পৌঁছালে সড়কের ডিভাইডারে ধাক্কা লাগে। এতে বাসটি উল্টে যায়। দুর্ঘটনার সময় এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন উদ্ধারকাজে এগিয়ে আসেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে। তাঁদের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুরের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে এবং উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।
শফিউল মন্ডল-রংপুর প্রতিনিধি 





















