চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ কোটি ৬ লাখ ৯৪ হাজার টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর এলাকায় অভিযান চালায় সোনামসজিদ বিওপির একটি টহল দল। সীমান্ত পিলার ১৮৪/২-এস থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শাহাবাজপুর কলেজের সামনে একটি মালিকবিহীন ভারতীয় ট্রাকে তল্লাশি চালানো হয়।
এ সময় ট্রাকে থাকা পাথরের মধ্যে লুকানো অবস্থায় ভারতীয় ট্রাকের ৭০৮টি বিভিন্ন যন্ত্রাংশ ও পাঁচটি বেনারসি শাড়ি উদ্ধার করা হয়। একই সঙ্গে ট্রাকটিও জব্দ করা হয়। এ অভিযানে জব্দ করা পণ্যের সিজার মূল্য ২ কোটি ৫৭ লাখ ৭৯ হাজার টাকা।
অন্যদিকে, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ভোলাহাট উপজেলার আলীমোড় এলাকায় অভিযান চালায় খড়কপুর বিওপির একটি বিশেষ টহল দল। সীমান্ত পিলার ২০১/৮৩-এস থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে ১৩৫টি ভারতীয় বিভিন্ন মডেলের চোরাই মোবাইল ফোন ও একটি ইজিবাইক জব্দ করা হয়। এসব পণ্যের সিজার মূল্য ৪৯ লাখ ১৫ হাজার টাকা।
বিজিবি জানায়, টহল দলের উপস্থিতি টের পেয়ে ইজিবাইকের চালক পালিয়ে যায়।
দুটি অভিযানে জব্দ করা পণ্যের মোট সিজার মূল্য ৩ কোটি ৬ লাখ ৯৪ হাজার টাকা। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, চোরাচালানের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।
মো. জাহিদ হাসান চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 



















