র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি মাইক্রোবাস যোগে মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে কুমিল্লা হতে চট্টগ্রাম এর দিকে নিয়ে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৬ মে ২০২৪ইং তারিখ আনুমানিক ০৫৪৫ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল ফেনী জেলার ফেনী মডেল থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল এলাকায় পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে। এসময় র্যাবের চেকপোস্টের দিকে আসা একটি মাইক্রোবাসের গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরা মাইক্রোবাসটিকে থামানোর সংকেত দিলে মাইক্রোবাসটি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র্যাব সদস্যরা গাড়ীসহ আসামি ১। মোঃ খায়ের আহমেদ (৬০), পিতা-মৃত শেখ আহমেদ এবং ২। খুরশীদ আলম (৬২), পিতা-মৃত খলিলুর রহমান, উভয় সাং-সুন্দরপুর, থানা-ফেনী সদর, জেলা-ফেনীদের আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করে তাদের দেখানো এবং সনাক্তমতে মাইক্রোবাসের চালকের পিছনের সীটে বিশেষ কৌশলে রক্ষিত ০২টি প্লাস্টিকের বস্তা হতে মোট ৩০ কেজি গাঁজা উদ্ধারসহ আসামিদের গ্রেফতার এবং মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়।
আটককৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ ড্রাইভিং পেশার আড়ালে সুকৌশলে মাদকদ্রব্য (গাঁজা) কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রি করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০৪ লক্ষ ৫০ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফেনী জেলার ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মোঃ মুনির হোসেন চট্টগ্রাম 





















