কুমিল্লার লালমাইয়ে দেশীয় ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ এক যুবককে আটক করেছে এসআরবি।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বেলঘর ইউনিয়নের ইছাপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
এসআরবি জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে দেশীয় অস্ত্র তৈরি ও বিক্রির বিজ্ঞাপন ছড়িয়ে পড়ার পর বিষয়টি যাচাই-বাছাই শুরু করা হয়। পরে গোপন তথ্যের ভিত্তিতে আবু মোহাম্মদ তৌকিরি নেওয়াজ আসিফের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় দেশীয় অস্ত্র ও পাইপগান তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
অভিযানে ১৬টি ছোট-বড় রামদা, চাকু ও চাপাতি, দুটি এয়ারগান, এক বাক্স কার্তুজ, একটি ড্রিল মেশিন, একটি কাটার মেশিন ও একটি সামুরাই উদ্ধার করা হয়।
এসআরবি ১১ সিপিসি-২ কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বলেন, আসিফ সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন দেশীয় অস্ত্র প্রদর্শন করতেন। বিষয়টি নজরে আসার পর গোয়েন্দা তৎপরতার মাধ্যমে খোঁজখবর নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ তাঁকে আটক করা হয়।
আব্দুর রহমান সাঈফ-কুমিল্লা 




















