দেশে বিদ্যমান পাঠ্যবইয়ে বিতর্কিত বিষয় সংশোধন করার দাবি নিয়ে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতারা। এছাড়া ২ জুলাই নারায়ণগঞ্জ শহরে শিক্ষা সেমিনার এবং ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ ও গাজীপুরে আলোচনা সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার দুপুরে ঢাকার জামিয়া ইসলামিয়া মাখজানুল উলুম মাদ্রাসায় সংগঠনের বৈঠকে এসব সিদ্ধান্ত নেন সংগঠনটির শীর্ষ নেতারা। বৈঠকে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা সাজেদুর রহমান।
সভাপতির বক্তব্যে আল্লামা সাজেদুর রহমান বলেন, ইসলামের বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্র চলছে। নতুন প্রজন্ম যেন ঈমানহারা হয়ে যায় তার ব্যবস্থা করা হয়েছে। শিক্ষা জাতির মেরুদণ্ড। আজ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন হেফাজতের নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা আবদুল কাইয়ুম সোবহানী, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, সহকারী মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন প্রমুখ।
আমাদের মার্তৃভূমি ডেস্ক : 





















