জামালপুরের বকশিগঞ্জ উপজেলায় সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া মো. আন্দোলন সরকার (৫৫) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ জুলাই) রাতে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের ধাতুয়াকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা তাঁকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। আন্দোলন সরকার ওই এলাকার মৃত ইমান আলী সরকারের ছেলে।
সোহেল রানা বলেন, আগে গ্রেপ্তার আসামি নয়ন জবানবন্দীতে বলেন, আন্দোলন সরকার সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহন করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে আন্দোলন সরকারকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ, গত ১৪ জুন পেশাগত দায়িত্বপালন শেষে রাত ১০টার দিকে বাড়ি ফেরার পথে পৌর শহরের পাটহাটি মোড় এলাকায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সাময়িক বরখাস্ত হওয়া চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক নাদিম। এ সময় আহত নাদিমকে প্রথমে বকশিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পর দিন সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি দুপুরে মারা যান।
পরে ১৭ জুন নিহত সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে ২২ জনের নাম উল্লেখ করে এবং আরও ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাত আসামি করে বকশিগঞ্জ থানায় মামলা করেন। এ পর্যন্ত নামীয় ২২ জনের মধ্যে ৫ জনকে গ্রেপ্তার হয়েছে। বাবু চেয়ারম্যানের ছেলে মামলার ২ নম্বর আসামি ফাহিম ফয়সাল রিফাতসহ ১৭ জন আসামি ধরাছোঁয়ার বাইরে রয়েছে। নাদিম হত্যাকাণ্ডে এ পর্যন্ত মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সাংবাদিক নাদিম বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি ছিলেন। তিনি নিলক্ষিয়া ইউনিয়নের গোমেরপাড়া এলাকার আব্দুল করিমের ছেলে।
মোহাম্মদ আলমাছ হোসেন আওয়াল, জামালপুরঃ 



















