রংপুরের মিঠাপুকুর উপজেলার শুকুরেরহাট ডিগ্রি কলেজের কর্মচারী নিয়োগ পরীক্ষায় ব্যাপক অনিয়ম, জালিয়াতি ও সরকারি পরিপত্র লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ন্যায়বিচার ও পরীক্ষা বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী এক পরীক্ষার্থী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মো. আনোয়ার সরকার নামে ওই পরীক্ষার্থী ইউএনও কার্যালয়ে এ আবেদন দাখিল করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২০ নভেম্বর শুকুরেরহাট ডিগ্রি কলেজে ‘অফিস সহকারী কাম হিসাব সহকারী’ ও ‘পরিচ্ছন্নতাকর্মী’—এই দুটি পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। আনোয়ার সরকার (রোল-০২) অফিস সহকারী কাম হিসাব সহকারী পদের একজন বৈধ প্রার্থী ছিলেন। তাঁর অভিযোগ, শিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ-সংক্রান্ত পরিপত্র সম্পূর্ণ অমান্য করে কলেজ কর্তৃপক্ষ পছন্দের প্রার্থীদের নিয়োগ দিতে একটি প্রহসনের পরীক্ষার আয়োজন করে।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, সরকারি বিধি অনুযায়ী পরীক্ষার অন্তত ১৫ দিন আগে ডাকযোগে প্রবেশপত্র পাঠানোর নিয়ম থাকলেও তা মানা হয়নি। জালিয়াতির আশ্রয় নিয়ে প্রবেশপত্রে ১২ নভেম্বর ইস্যুর তারিখ উল্লেখ করা হলেও পরীক্ষার মাত্র চার দিন আগে অফিস সহায়কের (পিয়ন) মাধ্যমে প্রার্থীদের হাতে হাতে তা পৌঁছে দেওয়া হয়।
এ ছাড়া নিয়োগ পরীক্ষার মানবণ্টনেও বড় ধরনের অনিয়ম করা হয়েছে। নীতিমালা অনুযায়ী, ওই পদের জন্য নির্ধারিত ৩৫ নম্বরের লিখিত পরীক্ষার পরিবর্তে ৪০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়েছে। পাশাপাশি বাধ্যতামূলক ৫০ নম্বরের কম্পিউটার ব্যবহারিক পরীক্ষা না নিয়েই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা চালানো হয়। অভিযোগকারী আরও জানান, আনুষ্ঠানিক ফলাফল প্রকাশের আগেই সাজ্জাদ ও সাখাওয়াত হোসেন দিপু নামে দুই প্রার্থীর নাম ফাঁস হয়ে যায়, যা পরবর্তী সময়ে গণমাধ্যমে প্রকাশিত তথ্যের সঙ্গেও মিলে গেছে। পরীক্ষার দিন সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের হেনস্তা ও বাধা দেওয়ার ঘটনায় পরীক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
তদন্তের স্বার্থে এবং আলামত নষ্ট হওয়ার আগেই জরুরি প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন অভিযোগকারী। আবেদনে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষার ফলাফল প্রকাশ ও পরবর্তী সব কার্যক্রম স্থগিত রাখার দাবি জানানো হয়েছে। পাশাপাশি কলেজের ১২, ১৫ ও ২০ নভেম্বরের সিসিটিভি ফুটেজ, রেজুলেশন খাতা, প্রবেশপত্র ইস্যু ও ডাক রেজিস্টার এবং পরীক্ষার উত্তরপত্র জব্দ করে সংরক্ষণের অনুরোধ করা হয়েছে।
একই সঙ্গে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে সরেজমিন তদন্তের মাধ্যমে বিধি অনুযায়ী পরীক্ষা বাতিল এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ জেলা প্রশাসক ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) বরাবর প্রতিবেদন পাঠানোর দাবি জানিয়েছেন তিনি। অভিযোগের সপক্ষে প্রমাণ হিসেবে প্রবেশপত্রের অনুলিপি ও সংবাদপত্রের কাটিং সংযুক্ত করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, লিখিত অভিযোগটি পাওয়া গেছে। অভিযোগের বিষয়টি তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
শহীদুল ইসলাম বিশেষ প্রতিনিধি 






















