ব্যাপক অনিয়ম ও বন উজাড়ের গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও পাল্পউড বাগান বিভাগ, কাপ্তাইয়ের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাজ্জাদুজ্জামানকে গুরুত্বপূর্ণ লামা বন বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। গত ২৬ নভেম্বর ২০২৬ (১১ অগ্রহায়ণ ১৪৩৩) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন-৩ শাখা থেকে জারি করা (স্মারক নং- ২২.০০.০০০০.০৬৮.১৯.০০২.২৪.৩১৮) এক প্রজ্ঞাপনে তাকে এই বদলিপূর্বক পদায়ন করা হয়। বিতর্কিত এই কর্মকর্তার এমন স্পর্শকাতর পদে নিয়োগের খবরে বন ও পরিবেশ খাতসংশ্লিষ্টদের মধ্যে তীব্র সমালোচনা ও গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।
পটপরিবর্তনেও অটুট প্রভাব ও বদলি নীতিমালা লঙ্ঘন: বন অধিদপ্তরের প্রচলিত বদলি নীতিমালা অনুযায়ী, পাহাড় থেকে পাহাড়ে কিংবা রাঙ্গামাটি অঞ্চল থেকে চট্টগ্রাম অঞ্চলে এবং চট্টগ্রাম অঞ্চল থেকে রাঙ্গামাটি অঞ্চলে কর্মকর্তা-কর্মচারীদের পদায়নের ক্ষেত্রে সুনির্দিষ্ট বিধিনিষেধ রয়েছে। তবে অধিদপ্তরের একাধিক কর্মকর্তার দাবি, মো. সাজ্জাদুজ্জামানের অবৈধ অর্থ ও প্রভাবের কাছে সেই নীতিমালা সম্পূর্ণ উপেক্ষিত হয়েছে। প্রজ্ঞাপন জারির অনেক আগে থেকেই তিনি ঢাকায় অবস্থান করে উচ্চপর্যায়ে জোর তদবির চালাচ্ছিলেন বলে জানা গেছে। গোপালগঞ্জের বাসিন্দা এই কর্মকর্তা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করলেও, রাজনৈতিক পটপরিবর্তনের পরও রহস্যজনকভাবে একের পর এক লাভজনক ও প্রভাবশালী পদ বাগিয়ে নিচ্ছেন।
কাপ্তাইয়ে ‘টেবিল জোত’ ও ভুয়া টিপির আড়ালে বন উজাড়:সাম্প্রতিক পটপরিবর্তনের পর রাঙ্গামাটি অঞ্চলের পাল্পউড বাগান বিভাগ, কাপ্তাইয়ে পদায়ন পান মো. সাজ্জাদুজ্জামান। অভিযোগ উঠেছে, সেখানে যোগদানের পর থেকেই তিনি অবৈধভাবে ‘টেবিল জোত’-এর মাধ্যমে প্রতি মাসে লক্ষাধিক জোত ইস্যু করছেন। মূলত ভুয়া ডি-ফরম ও ট্রানজিট পাসের (টিপি) আড়ালে সংরক্ষিত বনাঞ্চল উজাড় করে তিনি বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছেন। তার এই কর্মকাণ্ড পাহাড়ি বাস্তুতন্ত্র ও প্রাকৃতিক বনের অস্তিত্বের জন্য মারাত্মক হুমকি তৈরি করেছে।
টাঙ্গাইলের শালবন ধ্বংস ও সুফল প্রকল্পের অর্থ লুটপাটের অভিযোগ: এর আগে টাঙ্গাইল বন বিভাগে দায়িত্ব পালনকালেও মো. সাজ্জাদুজ্জামানের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। সে সময় তিনি ক্ষমতার অপব্যবহার করে ঐতিহ্যবাহী শালবন ধ্বংস এবং দলীয় নেতাদের কাছে বনের জমি বিক্রির মতো কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া প্রভাবশালী ব্যবসায়ীদের সঙ্গে যোগসাজশে জমির সীমানা নির্ধারণের নামে অর্থের বিনিময়ে বনের জমি বেহাত করা এবং ‘সুফল’ প্রকল্পের অর্থ লুটপাটেও তার সরাসরি সম্পৃক্ততার কথা শোনা যায়।
ঢাকায় ফ্ল্যাট ও গোপালগঞ্জে বিলাসবহুল বাড়ি নির্মাণের গুঞ্জন: অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থে এই কর্মকর্তা বিপুল অবৈধ সম্পদ গড়ে তুলেছেন বলে অভিযোগ রয়েছে। জানা গেছে, তিনি রাজধানীর অভিজাত এলাকায় দুটি ফ্ল্যাট কিনেছেন। পাশাপাশি নিজ জেলা গোপালগঞ্জে একটি ছয়তলা বিলাসবহুল বাড়ি নির্মাণ করছেন। নজিরবিহীনভাবে সেই ব্যক্তিগত বাড়ি নির্মাণের তদারকি ও দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে তার অধীনস্থ পাল্পউড বাগান বিভাগ, কাপ্তাইয়ের সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ও ডেপুটি রেঞ্জার মো. সাইফুল ইসলাম দেওয়ানকে।
লামা বনভূমির সুরক্ষা নিয়ে শঙ্কা ও তদন্তের দাবি: পরিবেশবিদ ও বন বিশেষজ্ঞদের মতে, পাহাড়ি বনাঞ্চলের জীববৈচিত্র্য, জলপ্রবাহ, মাটির ক্ষয়রোধ ও জলবায়ুর ভারসাম্য রক্ষায় লামা বন বিভাগের লক্ষাধিক হেক্টরের বেশি সংরক্ষিত বনাঞ্চল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন বিশাল ও সংবেদনশীল বনভূমির দায়িত্ব বিতর্কিত কর্মকর্তার হাতে যাওয়ায় বন সম্পদ কতটা সুরক্ষিত থাকবে, তা নিয়ে স্থানীয় বাসিন্দা ও পরিবেশকর্মীদের মধ্যে গভীর শঙ্কা দেখা দিয়েছে। পাহাড়ের সংরক্ষিত বনভূমি ও বন্যপ্রাণী রক্ষায় এই বদলির আদেশ পুনর্বিবেচনাসহ নীতিমালার লঙ্ঘন ও উত্থাপিত দুর্নীতির অভিযোগগুলো স্বাধীনভাবে তদন্ত করে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সচেতন মহল।
বিশেষ প্রতিনিধি 




















