চাকরি থেকে অবসরে যাওয়ার মাত্র এক দিন আগে বাগিয়ে নিয়েছেন পদোন্নতি। আর সেই এক দিনের পদোন্নতিকেই ‘যোগ্যতা’ হিসেবে দেখিয়ে অবসরের পর প্রতিষ্ঠানটির শীর্ষ পদ বা ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগের আবেদন করেছেন। চাঞ্চল্যকর এই আবেদনে আবার সুপারিশও করেছেন খোদ একজন প্রতিমন্ত্রী!
ঘটনাটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পদ্মা অয়েল পিএলসির সদ্য সাবেক মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) মীর মোহাম্মদ ফখর উদ্দিনের। তিনি বর্তমান ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের চাচা এবং বিএনপির সাবেক নেতা মীর মোহাম্মদ নাসির উদ্দিনের ভাই।
নথিপত্র ঘেঁটে দেখা যায়, পদ্মা অয়েল পিএলসি থেকে মীর ফখর উদ্দিনের অবসরে যাওয়ার নির্ধারিত তারিখ ছিল ১০ নভেম্বর। ঠিক তার আগের দিন, অর্থাৎ ৯ নভেম্বর মাত্র এক দিনের জন্য তিনি প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (জিএম) পদে পদোন্নতি পান। পরদিন ১০ নভেম্বর অবসরে গিয়ে ওই দিন থেকেই পরবর্তী তিন বছরের জন্য কোম্পানিটির এমডি পদে চুক্তিভিত্তিক নিয়োগ চেয়ে আবেদন করেন তিনি।
অথচ রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী এই প্রতিষ্ঠানটির এমডি নিয়োগের নীতিমালা বলছে ভিন্ন কথা। নিয়োগ বিধিমালা অনুযায়ী, এই পদের জন্য মহাব্যবস্থাপক হিসেবে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা এবং চাকরির মেয়াদ অন্তত এক বছর অবশিষ্ট থাকা বাধ্যতামূলক। যেহেতু মীর ফখর উদ্দিন অবসরের মাত্র এক দিন আগে জিএম হয়েছেন, তাই বিদ্যমান নীতিমালায় তিনি এই পদের জন্য মোটেও যোগ্য নন।
অনুসন্ধানে জানা গেছে, গত ৯ নভেম্বর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর কাছে পাঠানো আবেদনে মীর মোহাম্মদ ফখর উদ্দিন ১০ নভেম্বর থেকে তিন বছরের জন্য পদ্মা অয়েলের এমডি পদে চুক্তিভিত্তিক নিয়োগের আবদার জানান। আবেদনের ওপর সুপারিশ করেন তার ভাতিজা—ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। ১৬ নভেম্বর আবেদনটি মন্ত্রণালয়ে পৌঁছানোর পর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বিষয়টি তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
নিজের আবেদনে মীর ফখর উদ্দিন দাবি করেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে রাজনৈতিক ও পারিবারিক পরিচয়ের কারণে তিনি পদোন্নতিবঞ্চিত ও নানাভাবে হয়রানির শিকার হয়েছেন। তার ভাষ্যমতে, নীতিমালা যথাযথভাবে মানা হলে ২০১৮ সালেই তার মহাব্যবস্থাপক এবং ২০২০ সালে ব্যবস্থাপনা পরিচালক হওয়ার যোগ্যতা অর্জিত হতো।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অধীন কোম্পানিগুলোর এমডি নিয়োগে স্বচ্ছতা, জবাবদিহি ও মেধাভিত্তিক প্রতিযোগিতা নিশ্চিত করতে ২০২৬ সালের ২৪ জুন বিশেষ গেজেটের মাধ্যমে নতুন নীতিমালা জারি করে জ্বালানি মন্ত্রণালয়।
নতুন এই বিধিমালা অনুসারে, প্রার্থীকে অবশ্যই বিপিসি বা এর আওতাধীন কোনো কোম্পানির স্থায়ী কর্মকর্তা হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে মহাব্যবস্থাপক পদে অন্তত তিন বছরের অভিজ্ঞতা এবং চাকরির মেয়াদ ন্যূনতম এক বছর অবশিষ্ট থাকতে হবে। এছাড়া নবম থেকে চতুর্থ গ্রেডের প্রথম শ্রেণির পদে অন্তত ১৯ বছরের চাকরির অভিজ্ঞতা এবং শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ না থাকার শর্তও রয়েছে।
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ নির্ধারিত স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। চার বছর মেয়াদি স্নাতক (সম্মান), তিন বছর মেয়াদি স্নাতক ও এক বছর মেয়াদি স্নাতকোত্তর কিংবা স্নাতক পাস ও স্নাতকোত্তর ডিগ্রিকে গ্রহণযোগ্য ধরা হয়েছে। প্রকৌশল ডিগ্রিধারীদের জন্যও নির্দিষ্ট যোগ্যতার সুযোগ রাখা হয়েছে।
নীতিমালায় আরও স্পষ্ট করা হয়েছে, প্রার্থীর বিরুদ্ধে বিভাগীয়, ফৌজদারি বা দুর্নীতি দমন কমিশনের (দুদক) কোনো মামলায় বিচার বা তদন্ত চলমান থাকলে তিনি অযোগ্য বিবেচিত হবেন। চাকরিজীবনে গুরুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরাও এই পদের জন্য বিবেচিত হবেন না। তবে মামলা থেকে অব্যাহতি বা খালাস পেলে সেক্ষেত্রে আলাদা বিধান প্রযোজ্য হবে।
এমডি বাছাইয়ের জন্য বিপিসি চেয়ারম্যানকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি কমিটি গঠনের কথা বলা হয়েছে নীতিমালায়। এতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, অর্থ বিভাগ, বিপিসি এবং পেট্রোবাংলার প্রতিনিধিরা থাকবেন। এই কমিটি যোগ্য প্রার্থী বাছাই, সাক্ষাৎকার গ্রহণ ও নিয়োগের চূড়ান্ত সুপারিশ করবে।
প্রার্থী মূল্যায়নের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১০০ নম্বর। এর মধ্যে শিক্ষাগত যোগ্যতায় ২৫, সর্বশেষ পাঁচ বছরের বার্ষিক গোপনীয় অনুবেদনের (এসিআর) গড়ে ২৫, তার আগের পাঁচ বছরের এসিআরের গড়ে ২০, বিশেষ অর্জন ও অবদানে ২, জ্বালানি ও খনিজ সম্পদ খাত নিয়ে উপস্থাপনায় ৮, অপর একটি উপস্থাপনায় ১০ এবং মৌখিক পরীক্ষায় ১০ নম্বর নির্ধারিত রয়েছে। চূড়ান্তভাবে মনোনীত হতে হলে প্রার্থীকে মোট অন্তত ৭৫ নম্বর এবং মৌখিক পরীক্ষায় ন্যূনতম নির্ধারিত নম্বর পেতে হবে।
বিপিসির এক কর্মকর্তা জানান, এই নীতিমালার আলোকে মীর ফখর উদ্দিনের আবেদনে দুটি বড় ধরনের ঘাটতি রয়েছে। প্রথমত, ৯ নভেম্বর জিএম পদে পদোন্নতি পেয়ে তিনি ১০ নভেম্বর অবসরে গেছেন—অর্থাৎ অবসরের দিনসহ ওই পদে তার অভিজ্ঞতা মাত্র দুই দিনের। দ্বিতীয়ত, ১০ নভেম্বর অবসরের তারিখ হওয়ায় তার চাকরির মেয়াদ এক বছর অবশিষ্ট নেই। যদিও তিনি চুক্তিভিত্তিক নিয়োগ চেয়েছেন, কিন্তু আবেদনের তারিখ পর্যন্ত তিনি প্রতিষ্ঠানের নিয়মিত কর্মীই ছিলেন।
নথি অনুযায়ী, ১৯৯২ সালের ১ নভেম্বর পদ্মা অয়েলে যোগ দেন মীর ফখর উদ্দিন। প্রায় ৩৪ বছরের কর্মজীবনে বিগত সরকারের আমলে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ন্যায়বিচার চেয়ে গত ৮ মার্চ তিনি জ্বালানি মন্ত্রীর কাছে আবেদন করেন। সেই আবেদনের সূত্র ধরে জ্বালানি বিভাগ ও বিপিসি হয়ে বিষয়টি পদ্মা অয়েল কর্তৃপক্ষের টেবিলে পৌঁছায়।
এরপর কেবল তার পদোন্নতির বিষয়টি সুরাহা করতে পদ্মা অয়েলের তিনটি পরিচালনা পর্ষদ সভা এবং নমিনেশন অ্যান্ড রেমুনারেশন কমিটির (এনআরসি) দুটি সভা অনুষ্ঠিত হয়। এসব সভায় তার চাকরির নথি, পদোন্নতির ধারাবাহিকতা ও এসিআর খতিয়ে দেখা হয়। এনআরসির ৩৬তম সভার পর্যবেক্ষণে উঠে আসে, ১৯৯৩ সালে চাকরি স্থায়ী হওয়ার পর নিয়ম অনুযায়ী প্রতি তিন বছর পরপর পদোন্নতির যোগ্যতা অর্জন করলেও তিনি যথাসময়ে তা পাননি। সমসাময়িকরা এগিয়ে গেলেও তিনি বঞ্চিত হয়েছেন বলে কমিটির কাছে প্রতীয়মান হয় এবং ২০২২ সালেই তার উপমহাব্যবস্থাপক (ডিজিএম) হওয়ার কথা ছিল।
এর ধারাবাহিকতায় গত ১৫ অক্টোবর কোম্পানির ৫৭২তম পর্ষদ সভায় ডিজিএম পদে তার পদোন্নতি ২০২৩ সালের বদলে ২০২২ সালের ২৬ অক্টোবর থেকে কার্যকর করার অনুমোদন দেওয়া হয়। পরবর্তীতে ২৮ অক্টোবর ৫৭৩তম পর্ষদ সভায় ২০২৫ সালের ২৭ অক্টোবর থেকে জিএম পদে ভূতাপেক্ষ পদোন্নতির প্রস্তাব অনুমোদন করে বিপিসিতে পাঠানোর সিদ্ধান্ত হয়। ১ নভেম্বর পদ্মা অয়েল কর্তৃপক্ষ প্রস্তাবটি বিপিসিতে পাঠালেও বিপিসি চূড়ান্তভাবে ৯ নভেম্বর থেকে তার জিএম পদোন্নতি কার্যকর করে। ফলে অবসরের ঠিক এক দিন আগে এই পদোন্নতি পান তিনি।
অভিযোগ ও প্রক্রিয়ার বিষয়ে জানতে চাইলে সদ্য সাবেক মহাব্যবস্থাপক মীর মোহাম্মদ ফখর উদ্দিন বলেন, ‘দীর্ঘদিন চাকরি করলেও বিএনপি নেতা মীর নাছিরের ভাই হওয়ায় আওয়ামী লীগ আমলে আমি বঞ্চিত ছিলাম। তাই আবেদন করে প্রাপ্য পদোন্নতি নিয়েছি। দীর্ঘ অভিজ্ঞতার আলোকে এমডি পদের জন্য আবেদন করেছি এবং প্রতিমন্ত্রী আমার ভাতিজা হিসেবে এতে সুপারিশ করেছেন। এখানে কোনো নিয়মের ব্যত্যয় ঘটেনি। সরকার যোগ্য মনে করলে নিয়োগ দেবে।’
তিনি আরও দাবি করেন, ‘চাকরিজীবনে পদ্মা অয়েলের অনেক সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় একটি পক্ষ চায় না আমি এমডি হই। তারাই আমার ব্যক্তিগত নথি ফাঁস করে অপপ্রচার চালাচ্ছে।’
এ বিষয়ে বক্তব্য জানতে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের মুঠোফোনে একাধিকবার কল ও খুদেবার্তা পাঠানো হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।
তবে পদ্মা অয়েলের নিয়ন্ত্রক সংস্থা বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেন, ‘এ ধরনের কোনো আবেদন এখনো আমার দপ্তরে পৌঁছায়নি। বর্তমানে পদ্মা অয়েলে একজন এমডি কর্মরত আছেন। আবেদনটি হাতে পেলে তা যাচাই-বাছাই করে প্রচলিত নীতিমালা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
নিজস্ব প্রতিবেদক 
























