চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৩৪৫ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ মো. মেহেদী হাসান (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে শিবগঞ্জ উপজেলার সাহাবাজপুর ইউনিয়নের ইসলামপুর বাজারের যাত্রীছাউনি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৫ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আভিযানিক দল জানতে পারে, ইসলামপুর বাজারের যাত্রীছাউনিতে এক ব্যক্তি মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৩৪৫ পিস কথিত ইয়াবা ট্যাবলেট এবং মাদক ব্যবসায় ব্যবহৃত একটি পুরোনো স্মার্টফোন উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেপ্তার মেহেদী হাসান শিবগঞ্জ উপজেলার সাহাবাজপুর ইউনিয়নের তেররশিয়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তি ও উদ্ধার করা আলামত শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মো. জাহিদ হাসান-চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 


















