ভালো নেই বলিউড। সাম্প্রতিক সময়ে একের পর এক হুমকি ও হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে ভারতের মুম্বাইয়ের চলচ্চিত্র অঙ্গনে। এবার সরাসরি হত্যার হুমকি পেয়েছেন অভিনেতা সাইফ আলী খান। সালমান খানের ঘনিষ্ঠ ও রাজনীতিক বাবা সিদ্দিকী হত্যা মামলার আসামির নাম ব্যবহার করে সাইফকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। তবে হুমকিটি সত্যিই জিশান দিয়েছেন, নাকি অন্য কেউ তাঁর নাম ব্যবহার করে অভিনেতাকে ভয় দেখানোর চেষ্টা করছে, তা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
এদিকে, সাইফের বাড়িতে ছুরিকাঘাতের হামলার ঘটনার দুই বছর হতে চলেছে। এর মধ্যেই নতুন করে হত্যার হুমকি পেলেন অভিনেতা।
২০২৪ সালের অক্টোবরে মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় ছেলে জিশান সিদ্দিকীর কার্যালয়ের বাইরে গুলি করে হত্যা করা হয় সাবেক মহারাষ্ট্রের মন্ত্রী বাবা সিদ্দিকীকে। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যাদের খোঁজা হচ্ছে, তাঁদের একজন জিশান আখতার।
বাবা সিদ্দিকীর সঙ্গে বলিউডের অনেক তারকার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বিশেষ করে সালমান খানের সঙ্গে তাঁর বন্ধুত্বের কারণে এ হত্যাকাণ্ড রাজনৈতিক ও বিনোদনজগতে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এবার সাইফকে দেওয়া এই হুমকি নতুন করে তাঁর ভক্তদের মনে শঙ্কা তৈরি করেছে।
সাম্প্রতিক সময়ে কয়েক মাসের ব্যবধানে বলিউডের একাধিক তারকা বিভিন্ন সময়ে হুমকির মুখে পড়েছেন, যা তাঁদের জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। তাঁদের মধ্যে অন্যতম সালমান খান। তাঁকে বিভিন্ন সময়ে হুমকি দিয়ে আসছে লরেন্স বিষ্ণোই গ্যাং। ২০২৪ সালের এপ্রিলে বান্দ্রায় সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি গুলি চালান। পরে এ ঘটনার দায় স্বীকার করে লরেন্স বিষ্ণোই গ্যাং।
এদিকে, চলতি বছরের ফেব্রুয়ারিতে মুম্বাইয়ের জুহুতে চলচ্চিত্র নির্মাতা রোহিত শেঠির বাড়ি লক্ষ্য করেও গুলি চালানো হয়। এ ছাড়া অভিনেতা রণবীর সিং ও আয়ুষ শর্মার কাছে আসে হুমকির বার্তা।
গত অক্টোবরে জুহুতে আরেকটি হামলার লক্ষ্য হন অভিনেতা টাইগার শ্রফ। অভিযোগ, মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালান। পরে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্যদের নামে প্রচারিত একটি অডিও বার্তায় হামলার দায় স্বীকার করা হয়। এ ছাড়া কপিল শর্মা, আয়ুষ্মান খুরানা ও তুষার কাপুরের মতো তারকারাও বিগত কয়েক বছরে নানা ধরনের হুমকি পেয়েছেন।
এসব ঘটনার পর বলিউডের বেশ কয়েকজন তারকার নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করে মুম্বাই পুলিশ। যদিও এর অগ্রগতি আশাব্যঞ্জক নয় বলে দাবি কারও কারও।
বিনোদন ডেস্ক 
























