চট্টগ্রামে দিনে দুপুরে প্রকাশ্যে সড়ক থেকে পুলিশের পিকআপ ভ্যান চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে নগরীর হালিশহর থানার ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনের সামনে এ ঘটনা ঘটে।
সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি গাড়িতে উঠে দ্রুত সেটি নিয়ে চলে গেছেন। দিনের বেলায় প্রকাশ্যে সড়ক থেকে পুলিশের যানবাহন চুরির ঘটনায় সিএমপিতে তোলপাড় শুরু হয়েছে।
পুলিশ জানায়, হালিশহর থানার পুরোনো সিঙ্গেল ডেকার পিকআপ ভ্যান নিয়ে টহল টিমের সদস্যরা বের হয়েছিলেন। টিমে সম্ভবত তিনজন পুলিশ সদস্য ছিলেন। তাঁরা গাড়িটি পুলিশ লাইনের সামনে পার্ক করে রেখে পাশের একটি রেস্তোরাঁয় ভাত খেতে যান। খাওয়া শেষে ফিরে এসে দেখেন, গাড়িটি নেই।
পুলিশ আরও জানায়, সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি গাড়িতে উঠে সেটি নিয়ে দ্রুত পালিয়ে গেছেন। চোরকে গ্রেপ্তার ও গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল বলেন, তদন্ত করে ঘটনার বিষয়ে বিস্তারিত জানানো হবে।
নিজস্ব প্রতিবেদক 
























