রাজধানীর মিরপুরে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় নূপুর নামে এক নারী পোশাকশ্রমিককে হত্যার অভিযোগ উঠেছে তাঁর প্রেমিক রায়হানের বিরুদ্ধে। এ ঘটনায় রায়হানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টা ৫৫ মিনিট থেকে ১টা ৫ মিনিটের মধ্যে রূপনগর থানার শিয়ালবাড়ী এলাকার ৫ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। নিহত নূপুরের বাড়ি ভোলায়।
পুলিশ সূত্রে জানা গেছে, কারখানায় কাজ শেষে দুপুরের খাবারের বিরতিতে বাসার উদ্দেশে রওনা হয়েছিলেন নূপুর। পথে ৫ নম্বর সড়কে পৌঁছালে রায়হান ও কয়েকজন দুর্বৃত্ত তাঁর পথরোধ করে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা চায়নিজ কুড়াল ও রামদা দিয়ে নূপুরকে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়।
মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, রায়হান ও নূপুর তিন বছর ধরে সম্পর্কে ছিলেন। সম্প্রতি রায়হান তাঁর পরিবারকে বিয়ের প্রস্তাব দিলে নূপুর তা প্রত্যাখ্যান করেন।
তিনি বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনার সিসিটিভি ফুটেজও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনার পরপরই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
নিজস্ব প্রতিবেদক 
























