কুমিল্লার মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযানে চোরাই সিএনজি অটোরিকশাসহ আন্তঃজেলা চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার কোম্পানীগঞ্জ-বাখরনগর সড়কে পুলিশের অস্থায়ী তল্লাশিচৌকিতে তাদের আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে একটি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের সার্বিক দিকনির্দেশনায় এবং মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নেতৃত্বে কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় সোমবার বিকেলে মুরাদনগর থানার এসআই সুমন তালুকদার সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে উপজেলার ১৪ নম্বর নবীপুর পূর্ব ইউনিয়নের কোম্পানীগঞ্জ-বাখরনগর সড়কের অনিক ব্রিকফিল্ডের প্রায় ২০০ গজ উত্তরে অস্থায়ী তল্লাশিচৌকি স্থাপন করেন।
এ সময় পুলিশের তল্লাশিচৌকি দেখে একটি সিএনজি অটোরিকশা পালানোর চেষ্টা করলে পুলিশ সেটির গতিরোধ করে চারজনকে আটক করে। পরে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে চোরাই সিএনজি অটোরিকশাটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কুমিল্লার দাউদকান্দি উপজেলার দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের মো. ইমরান ওরফে সাকিব ওরফে রাজ (২৮), চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দারিন্দা রসুলপুর গ্রামের মো. কামাল ওরফে আলমগীর (৫২), মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামের মো. মনির হোসেন (৪৬) এবং দেবিদ্বার পৌরসভার ভিংলাবাড়ি গ্রামের মো. আল আমিন (৩৮)।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মুরাদনগর থানায় মামলা দায়ের করা হয়েছে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা আন্তঃজেলা সিএনজি অটোরিকশা চোর চক্রের সক্রিয় সদস্য। তাঁরা দেশের বিভিন্ন স্থান থেকে সিএনজি অটোরিকশা চুরি করে এক জেলা থেকে অন্য জেলায় বিক্রি করতেন। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মোঃ জাহিদুল ইসলাম-মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি 
























