কুমিল্লা জেলায় মাদক ব্যবসা, কিশোর গ্যাং, ছিনতাই ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের ৭২ ঘণ্টার বিশেষ অভিযানে ৫৪৪ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ জন সদস্য রয়েছেন।
গত ১৫ নভেম্বর থেকে ১৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত কুমিল্লা জেলা পুলিশের সব ইউনিট ও গোয়েন্দা পুলিশ (ডিবি) এ অভিযান পরিচালনা করে। জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।
পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই শেষে ৩৪১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া ২০৩ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
জেলা পুলিশ জানায়, উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে পড়াশোনায় ফিরিয়ে আনতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে।
কিশোর অপরাধ, ছিনতাই, চুরি, মাদক ব্যবসা এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ড প্রতিরোধে কুমিল্লা জেলা পুলিশ তাদের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে।
আব্দুর রহমান সাঈফ, কুমিল্লা 
























