কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয় এবং সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর রামঘাট এলাকায় অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের প্রধান ফটকের সামনে থাকা ইটের গাঁথুনি ভেঙে ফেলা হয়।
এরপর রাত ১টার দিকে নগরীর মুন্সেফবাড়ি এলাকায় অবস্থিত সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়িতে হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, প্রথমে বাড়ির জানালার গ্রিল ভাঙার চেষ্টা করা হয়। পরে বাড়ির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন কক্ষে ভাঙচুর চালানো হয়। একপর্যায়ে বাড়ির কয়েকটি কক্ষ ও ভবনের সামনের অংশে আগুন দেওয়া হয়।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বাড়ি ও কার্যালয়ের ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনাটি কুমিল্লার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
আব্দুর রহমান সাঈফ-কুমিল্লা প্রতিনিধি 
























